উদীচীর ৪৫ বছর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে চারদিকে নানা আকৃতির লাল রঙের ব্যানার। নানা বয়সের নারী-পুরুষের উচ্ছ্বসিত উপস্থিতি। বেশির ভাগের পরনে লাল পাঞ্জাবি আর লাল পেড়ে সবুজ শাড়ি। চারদিক যেন লাল-সবুজের জয়জয়কার। এ রকম পরিবেশে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৫ বছর পূর্তি অনুষ্ঠান। তাঁদের স্লোগান ‘লড়াই তো চলছেই/ নিশ্চিত জেনো, বিজয় আসবেই’।
সময়টা ১৯৬৮। পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাংলার মানুষ। উঁকি মারছে একটি কালজয়ী গণ-অভ্যুত্থান। এ সময় সত্যেন সেনের নেতৃত্বে ঢাকায় ২৯ অক্টোবর ‘উদীচী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু। সত্যেন সেন ও তাঁর সহযোদ্ধারা মিলে গড়ে তুলেছিলেন এই সাংস্কৃতিক সংগঠন। সেই সংগঠন শত বাধাবিপত্তি ডিঙিয়ে পেরিয়ে এসেছে ৪৫টি বছর। একটি আন্দোলনের নাম হয়ে ওঠা উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান তাই হয়ে উঠেছে এক মিলনমেলা। নিয়মিত কর্মী, শুভাকাঙ্ক্ষী আর একসময়কার সক্রিয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সংগীতের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে। বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের পাঁচ প্রতিষ্ঠাতা সদস্য তমিজ উদ্দীন, বদরুল আহসান খান, তসলিম উদ্দীন, এ কে এম মুজিবর রহমান ও আবদুল হালিম। এরপর স্বোপার্জিত স্বাধীনতা থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। ‘জামায়াত-শিবির রাজাকার/এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জয় বাংলা’, ‘জয় জনতা’ আর ‘জয় উদীচী’ স্লোগানে মুখর এই শোভাযাত্রাটি শাহবাগ মোড়ের প্রজন্ম চত্বর ঘুরে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
শোভাযাত্রার পর বিভিন্ন জেলা ও শাখা সংসদের ৪৫ জন শিল্পীর সম্মেলক কণ্ঠে গীত হয় চারটি গণসংগীত। প্রথমেই যুদ্ধাপরাধীদের উদ্দেশে ধিক্কার সংগীত—‘ধর ধর ধর রে রাজাকাররে ধর/ওদের ধর্ম নিয়ে ভণ্ডামিতা এবার বন্ধ কর’। এরপর একে একে পরিবেশিত হয় ‘গ্রাম থেকে জেগে ওঠো/শহর থেকে জেগে ওঠো’, ‘আমরা মানুষের জয়গান গাই’ ইত্যাদি গান।
আলোচনা পর্ব উঠে আসে সংগঠনের নানা আন্দোলন-সংগ্রামসহ সাফল্যগাথার কথা। উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে এতে অংশ নেন ভাষাসংগ্রামী আহমদ রফিক, বর্তমান সাধারণ সম্পাদক প্রবীর সরদার, ঢাকা মহানগর শাখার সভাপতি কাজী মোহাম্মদ শীষ, কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদ সেলিম প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করে উদীচীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ ও গেন্ডারিয়া শাখা। একক সংগীত পরিবেশন করেন সুরাইয়া পারভীন, আশরাফুল আলম ও বিপ্লব রায়হান। নাচ ও আবৃত্তি করেন উদীচীর শিল্পীরা।