উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন দিবাগত রাত সোয়া দুইটার দিকে ঢাকার ধামরাই পৌরসভার মেয়রের সরকারি গাড়ি নিয়ে তাঁর ছেলে দেওয়ান জাকির উদ্দিন (৩০) যাচ্ছিলেন মানিকগঞ্জের দিকে। গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার পাল সিএনজি স্টেশনের কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে। এ ঘটনায় মেয়রের গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন মেয়রপুত্র। তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি যানবাহনই আটক করেছে। এ ঘটনায় মেয়র অথবা মেয়রপুত্রের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। মামলা হয়েছে বাসচালকের বিরুদ্ধে। মেয়র দেওয়ান নাজিম উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার ধামরাই থানায় মামলাটি করেন। মামলায় বাসের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ি চালিয়ে গুরুতর জখম ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। পৌরসভার একাধিক কাউন্সিলর জানান, বছর ছয়েক আগে সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রায় ৬০ লাখ টাকায় পৌরসভার জন্য ‘ল্যান্ড ক্রুজার প্রাডো’ গাড়িটি কেনা হয়, যা শুধু সরকারি ও পৌরসভার কাজে পৌর মেয়রের ব্যবহার করার কথা। কিন্তু নিয়ম ভঙ্গ করে মেয়রপুত্র জাকির উদ্দিন ব্যক্তিগত কাজে গাড়িটি ব্যবহার করে আসছিলেন। অনুসন্ধানে জানা গেছে, জাকিরের গাড়ি চালানোর অনুমতিপত্র (লাইসেন্স) নেই।মেয়র দেওয়ান নাজিম উদ্দিন বলেন, ঈদের দিন রাতে তাঁর ছেলে গাড়িটি নিয়ে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। জয়পুরা এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাঁর ছেলে গুরুতর আহত হন।ধামরাই থানার উপপরিদর্শক শেখ সেকেন্দার আলী বলেন, গাড়িটি চালাচ্ছিলেন মেয়রপুত্র জাকির উদ্দিন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় চালকের আসন থেকে জাকিরকে উদ্ধার করে তিনি তাঁকে হাসপাতালে পাঠান। পুলিশের একাধিক কর্মকর্তা জানান, অবৈধভাবে সরকারি গাড়ি ব্যবহার ও ক্ষতিসাধনের অপরাধে নিয়ম অনুযায়ী মেয়রপুত্রের বিরুদ্ধেই মামলা হওয়ার কথা। কিন্তু ক্ষমতাসীন দলের একজন বড় নেতার তদবিরের কারণে পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা নিতে পারেনি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মামলা যা-ই হোক না কেন, তদন্তের ওপর ভিত্তি করেই ব্যবস্থা নেওয়া হবে।