উদ্দীপনা ও পুষ্টিশিক্ষা শিশুর বুদ্ধির বিকাশ ঘটায়
নতুন এক গবেষণায় দেখা গেছে, মনোসামাজিক উদ্দীপনা এবং পুষ্টিশিক্ষা শিশুর ভাষার দক্ষতা বৃদ্ধি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে তা শারীরিক বিকাশেও ভূমিকা রাখে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানীরা নরসিংদী জেলার তিনটি উপজেলায় (রায়পুরা, শিবপুর ও বেলাব) এ গবেষণা করেছে। গবেষণায় দেখা গেছে, উদ্দীপনা পেলে শিশুদের আচরণে পরিবর্তন আসে, আর মায়েদের হতাশা দূর হয়।
আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বলা হয়, মনোসামাজিক উদ্দীপনা ও পুষ্টিশিক্ষার কাজে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ত করা সম্ভব।
অনুষ্ঠানে জানানো হয়, তিনটি উপজেলার ৯১টি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা ৬ থেকে ২৪ মাস বয়সী শিশুদের গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। খেলনা, বিশেষ বই, ধাঁধা—এসবের মাধ্যমে শিশুদের উদ্দীপনা দেওয়া হয়। এসব কাজ করেছিলেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারী ও কমিউনিটি পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। এঁদের এই গবেষণার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
এ গবেষণার প্রধান গবেষক ও আইসিডিডিআরবির বিজ্ঞানী জেনা হামাদানী বলেন, ‘সরকারি কর্মকাণ্ডের আওতায় কমিউনিটি ক্লিনিকের প্রচলিত সেবার সঙ্গে মনোসামাজিক উদ্দীপনা ও পুষ্টিশিক্ষাকে সংযুক্ত করার প্রয়াস সফল হয়েছে। এটি দেশব্যাপী প্রচলন করার জন্য গ্রহণ করা সম্ভব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রধান সমন্বয়ক মাখদুমা নার্গিস। তিনি বলেন, গবেষণার ফলাফল হচ্ছে বৈজ্ঞানিক প্রমাণ। এর ভিত্তিতে কমিউনিটি ক্লিনিকের সেবার সঙ্গে উদ্দীপনা ও পুষ্টিশিক্ষা অন্তর্ভুক্ত করা সহজ হবে।