নতুন এক গবেষণায় দেখা গেছে, মনঃসামাজিক উদ্দীপনা ও পুষ্টিশিক্ষা শিশুর ভাষার দক্ষতা বৃদ্ধি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে তা শারীরিক বিকাশেও ভূমিকা রাখে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একদল বিজ্ঞানী নরসিংদী জেলার তিনটি উপজেলায় (রায়পুরা, শিবপুর ও বেলাব) এই গবেষণা করেছেন। গবেষণায় দেখা গেছে, উদ্দীপনা পেলে শিশুদের আচরণে পরিবর্তন আসে, আর মায়েদের হতাশা দূর হয়।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই গবেষণার তথ্য উপস্থাপন করা হয়। তিনটি উপজেলার ৯১টি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা ৬ থেকে ২৪ মাস বয়সী শিশুদের গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। খেলনা, বিশেষ বই, ধাঁধার মাধ্যমে শিশুদের মধ্যে উদ্দীপনা তৈরি করা হয়। এসব কাজ করেছিলেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারী ও কমিউনিটি পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
এই গবেষণার প্রধান গবেষক ও আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. জেনা হামাদানী বলেন, ‘সরকারি কর্মকাণ্ডের আওতায় কমিউনিটি ক্লিনিকের প্রচলিত সেবার সঙ্গে মনঃসামাজিক উদ্দীপনা ও পুষ্টিশিক্ষাকে সংযুক্ত করার প্রয়াস সফল হয়েছে। এটি দেশব্যাপী প্রচলন করার জন্য গ্রহণ করা সম্ভব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রধান সমন্বয়ক মাখদুমা নার্গিস। তিনি বলেন, গবেষণার ফলাফল হচ্ছে বৈজ্ঞানিক প্রমাণ। এর ভিত্তিতে কমিউনিটি ক্লিনিকের সেবার সঙ্গে উদ্দীপনা ও পুষ্টিশিক্ষা অন্তর্ভুক্ত করা সহজ হবে।