দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। ২০ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও ২৭ মে এই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বার কাউন্সিল।
ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবির মুখে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত রোববার বিশেষ সভা ডাকার নির্দেশ দেন। সে অনুসারে মঙ্গলবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত বিশেষ সভা হয়। পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনসহ নির্বাচিত সদস্যরা। বর্তমান কমিটির মেয়াদেই কীভাবে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন করা যায়, সে বিষয়ে তাঁরা আলোচনা করেন।
জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোট গ্রহণ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। এতে সব সদস্য সম্মতি দিয়েছেন। সভায় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে বাদানুবাদ বা দ্বিমত হয়েছে কি না, এ প্রশ্নে তিনি বলেন, একটা সভায় নানা জনের নানা মত থাকতে পারে। কিন্তু মূল কথা হলো, দুই পক্ষই চায়, বার কাউন্সিলের নির্বাচন সুষ্ঠু হোক। এ জন্য ভোটার তালিকায় ত্রুটি সংশোধন করতে সবাই একমত হয়েছেন।
গত ২৫ মার্চ বার কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা এবং ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়, যাতে কাউন্সিলের ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন। তবে এ তালিকায় অস্পষ্টতা এবং একই নাম একাধিকবার থাকার কথা জানিয়ে কাউন্সিলের নির্বাচিত পাঁচ সদস্য এবং ১০১ জন আইনজীবী ২৯ এপ্রিল কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেন। এতে অভিযোগ করা হয়, আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা হলেও কাউন্সিল নিজস্ব নথির সাহায্য না নিয়ে আইনজীবী সমিতিগুলোর পাঠানো সদস্য তালিকা ধরেই ভোটার তালিকা তৈরি করেছে।
আওয়ামী লীগ-সমর্থক প্যানেলের নির্বাচিত যে পাঁচজন চিঠি দেন, তাঁরা হলেন সৈয়দ রেজাউর রহমান, এইচ আর জাহিদ আনোয়ার, আবদুল মতিন খসরু, এস এম মুজিবুর রহমান ও তানিয়া আমীর।