থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারে উদ্ধার হওয়া অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসীদের জন্য একটি মানবিক সহায়তা তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে আসিয়ান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর এ ফোরামের মন্ত্রীপর্যায়ের এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
তবে মানবাধিকার গোষ্ঠীগুলো এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে একে নিছকই এক টোকেন (প্রতীকী) সহায়তা প্রস্তাব বলে আখ্যায়িত করেছে। এদিকে অভিবাসী সংকট সমাধানে এ অঞ্চলের দেশগুলো সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে যে চুক্তিতে উপনীত হয়েছে, তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর এপি, এএফপি, রয়টার্স ও ব্যাংকক পোস্টের।
দিনব্যাপী রুদ্ধদ্বার এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কুয়ালালামপুরের গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল তুলে ধরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি বলেন, সম্প্রতি যেসব বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম অভিবাসী উদ্ধার হয়েছেন, তাঁদের সহায়তায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো একটি তহবিল গঠন করবে। তহবিলে সিঙ্গাপুর দুই লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি দেশগুলোর প্রতিটিকে এক লাখ ডলার করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
আসিয়ানের তহবিল গঠনের এ উদ্যোগকে ওই অভিবাসী সংকট শুরুর পর প্রথম সমন্বিত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মে মাসের শুরুর দিকে বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী সংকট নিয়ে হইচই শুরু হওয়ার পর থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ৪ হাজার ৬০০ জনের বেশি অভিবাসী উদ্ধার হয়েছেন। জাতিসংঘের ধারণা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরুর পর এই চক্রের অন্য সদস্যরা প্রায় দুই হাজার অভিবাসনপ্রত্যাশীকে সাগরে নৌকায় ভাসমান রেখে পালিয়ে গেছে।
জাতিসংঘের আহ্বান: অভিবাসীদের নিয়ে ওই সংকট বর্তমানে কমে এলেও এটির সমাধানে ব্যাংকক সম্মেলনে প্রতিশ্রুত পদক্ষেপের দ্রুত বাস্তবায়নে আসিয়ানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), অভিবাসন ও উন্নয়নবিষয়ক সেক্রেটারি জেনারেলের কার্যালয় এবং মাদক ও অপরাধবিষয়ক দপ্তরসহ (ওডিসি) আরও কিছু সংস্থা গতকাল একটি যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়।