উদ্ধার অভিবাসীরা বাংলাদেশি নয়
মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান বলেছেন, সাগরে ভাসমান নৌযান থেকে উদ্ধার হওয়া অভিবাসীরা বাংলাদেশি নয়। অভিবাসী সংকটের মূল কারণ চিহ্নিত করার আগে উদ্ধার হওয়া অভিবাসীদের অবশ্যই অত্যন্ত সতর্কভাবে শনাক্ত করতে হবে।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সুফিউর রহমান। অভিবাসী সংকটের বিষয়ে কূটনীতিকদের জানাতে গতকাল ওই ব্রিফিংয়ের আয়োজন করে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটাই অভিবাসী সংকট নিয়ে দেশটির প্রথম কোনো প্রকাশ্য ব্রিফিং।
এদিকে থাই সেনাবাহিনীর বরখাস্ত হওয়া উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মানস কংপানের বিরুদ্ধে গতকাল আনুষ্ঠানিকভাবে মানব পাচারসহ ১৩টি অভিযোগ আনা হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। খবর চ্যানেল নিউজএশিয়া, ব্যাংকক পোস্ট ও এপির।
সম্প্রতি মিয়ানমার দুই দফায় দুটি নৌযানে নয় শতাধিক অভিবাসী উদ্ধারের দাবি করে জানায়, এদের বেশির ভাগই বাংলাদেশি। গতকাল মিয়ানমারের অভিবাসন দপ্তরের কর্মকর্তা স নাইং দাবি করেন, দ্বিতীয় দফায় উদ্ধার ৭৩৩ অভিবাসীর মধ্যে ৫৪৬ জনই বাংলাদেশ থেকে আসা। অন্য ১৮৭ জন মিয়ানমারের নাগরিক।
ব্রিফিংয়ে মিয়ানমারের এ দাবি নাকচ করে দেন সুফিউর রহমান। তিনি বলেন, মিয়ানমার প্রথম দফায় যে ২০০ অভিবাসীকে উদ্ধার করে, প্রাথমিক তদন্তে জানা গেছে তারা বাংলাদেশি। তাদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সুফিউর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমারে আশ্রয় পাওয়া অভিবাসীদের বিষয়ে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।’
বাংলাদেশের সঙ্গে খুব ভালো সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে উল্লেখ করে ব্রিফিংয়ে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উনা মাউং এলউইন বলেন, এখন পরস্পরের দিকে অভিযোগের আঙুল তোলার সময় নয়। অভিবাসী সংকটের দায়িত্ব প্রতিটি দেশকেই নিতে হবে।
থাই সেনা কর্মকর্তা মানস কংপানকে গত বুধবার সংখলার হ্যাট ইয়াই থানায় মধ্যরাত পর্যন্ত আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ১৩টি এসব অভিযোগ আনা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মানস কংপান গত বুধবার ব্যাংককে রয়েল থাই পুলিশের সদর দপ্তরে আত্মসমর্পণ করেন। মানস কংপান মানব পাচারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমানদের পাচারের বিষয়ে তাঁর কিছুই করার ছিল না।
থাইল্যান্ডের তিন তারকার এই জেনারেলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যে ১৩টি অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে রয়েছে শিশুসহ মানব পাচার, বিদেশি নাগরিকদের পাচার করে দেশে আনা, তাদের আটকে রাখা, মুক্তিপণ আদায়, নির্যাতন করা এবং মারা গেলে লাশ গুম করা প্রভৃতি।
মিয়ানমার উপকূলে ৪৭ লাশ?: মিয়ানমারের উপকূলে গত ১২ থেকে ২৪ মে পর্যন্ত অন্তত ৪৭টি লাশ ভাসতে দেখা গেছে। লাশগুলো বিকৃত হয়ে যাওয়ায় সেগুলো শনাক্ত করা কঠিন ছিল। তবে লাশগুলো রোহিঙ্গা ও বাংলাদেশিদের বলে ধারণা করছে একটি বেসরকারি সংস্থা ও স্থানীয় মানুষজন।
রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আরাকান প্রজেক্টের ক্রিস লিউয়া জানান, পাচারকারীদের নৌযান থেকে নেমে সাঁতরে উপকূলে উঠতে ব্যর্থ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।