উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার এক মাস পর সমাপ্ত ঘোষণা করা হলো গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরের টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার উদ্ধার অভিযান। কারখানার পাশে স্থাপিত সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষে গতকাল সোমবার সকালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম।
জেলা প্রশাসক জানান, এক মাস ধরে চলা উদ্ধার অভিযানে ৩৯টি লাশ, কিছু হাড় ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩৬ জনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। আটটি লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর স্বজনদের কাছে তাঁদের লাশ হস্তান্তর করা হবে।
জেলা প্রশাসক বলেন, উদ্ধারকাজে নিয়োজিত বিভিন্ন সংস্থার কর্মীরা কারখানার ধ্বংসস্তূপ তন্ন তন্ন করে খোঁজ করেছেন। সেনাবাহিনীর ডগ স্কোয়াড দিয়েও খোঁজা হয়েছে। সেখানে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। আর কোনো লাশ পাওয়ার সম্ভাবনা না থাকায় উদ্ধারকাজ সমাপ্ত করা হলো। এ সময় তিনি উদ্ধারকাজে অংশ নেওয়া সব বাহিনী ও সংস্থার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, ‘টাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার এখনো সঠিক কারণ জানা যায়নি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা কাজ করছেন।’
গাজীপুর জেলার অতিরিক্ত হাকিম মো. রাহেনুল ইসলাম বলেন, ‘টাম্পাকোর ঘটনা নিয়ে এ পর্যন্ত সাতটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দু-একটি কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে। আমাদের তদন্তকাজও শেষ। দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। এর আগে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের লে. কর্নেল মোহাম্মদ শফিউল আজম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান, গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান, শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান প্রমুখ।
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় গত ১০ সেপ্টেম্বর ভোরে টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।