আংশিক ডুবে থাকা তেলবাহী ট্রেনের একটি ওয়াগন গতকাল বৃহস্পতিবার টেনে তোলার সময় নতুন করে খালে তেল ছড়িয়ে পড়েছে। পরে তেল ছড়ানো ঠেকাতে ওয়াগন পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন ডুবুরিরা। এ ছাড়া খালের পাশের একটি পুকুরে গতকাল বৃহস্পতিবার মরা মাছ ভাসতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও খাল পাড় এলাকার বাসিন্দারা বলছেন, দুর্ঘটনার পর খালে ছড়িয়ে পড়া তেল জোয়ারের সময় পুকুরে ঢুকেছে। এ কারণেই মাছ মারা যাচ্ছে।
এদিকে রিলিফ ট্রেনের (উদ্ধারকারী ট্রেন) ক্রেনের তার ছিঁড়ে যাওয়ায় গতকাল সন্ধ্যা পর্যন্ত খাল থেকে একটি ওয়াগনও টেনে তোলা যায়নি। তবে দুর্ঘটনার পাঁচ দিন পর গত বুধবার সন্ধ্যা থেকে চট্টগ্রামের সঙ্গে দোহাজারীর রেল যোগাযোগব্যবস্থা পুনঃস্থাপিত হয়েছে।
গত শুক্রবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার সীমান্তে শাইরাপুল এলাকায় হারগেজি খালের (বোয়ালখালী খাল) সেতু পার হওয়ার সময় সেটি ভেঙে খালে পড়ে যায় তেলবাহী ট্রেন। দুর্ঘটনায় দুটি ওয়াগন খালে পড়ে যায়। আরেকটি ওয়াগন আংশিক ডুবে যায়। লাইনচ্যুত হয় আরও একটি ওয়াগন। প্রতিটি ওয়াগনে ২৫ হাজার লিটার তেল ছিল। চট্টগ্রামের পতেঙ্গা তেল ডিপো থেকে ফার্নেস তেল নিয়ে ট্রেনটি চন্দনাইশ উপজেলার দোহাজারী যাচ্ছিল। দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য আটটি ওয়াগনে করে তেল নিয়ে যাওয়া হচ্ছিল।
হারগেজি খাল কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত। ফলে জোয়ার-ভাটার প্রভাবে তেল আশপাশের পুকুর, খালসহ কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়ে। মা মাছের প্রজনন ক্ষেত্র হালদা নদীতে তেল ভাসতে দেখা যায়। ছড়িয়ে পড়া ফার্নেস তেলের কারণে পানিদূষণ ছাড়াও আশপাশের এলাকার পরিবেশের জন্য তা হুমকি হয়ে দাঁড়িয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক গতকাল প্রথম আলোকে বলেন, বুধবার চট্টগ্রামের সঙ্গে দোহাজারীর রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়। তবে খালে পড়ে যাওয়া ওয়াগন উদ্ধার করতে আরও এক দিন সময় লাগবে। ওয়াগনের ভেতরে জ্বালানি তেল রয়েছে। এ কারণে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।’
রেলওয়ে সূত্র জানায়, গতকাল রেলের প্রকৌশলী ও ডুবুরিরা হারগেজি খালে উদ্ধার অভিযানে যান। খালে আংশিক ডুবে থাকা একটি ওয়াগন টেনে তোলার সময় ক্রেনের তার ছিঁড়ে যায়। এতে ওয়াগনটি খালের দিকে আরও হেলে পড়ে। এ কারণে ওয়াগন থেকে নতুন করে ফার্নেস তেল খালে ছড়িয়ে পড়ে। গতকাল বিকেলে ভাটার সময় উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
এদিকে খাল থেকে নিজস্ব পদ্ধতিতে তেল সংগ্রহের কাজ অব্যাহত রেখেছেন স্থানীয় বাসিন্দা ও জেলেরা। তেল বিপণন কোম্পানি যমুনা অয়েলের কাছে প্রতি লিটার ৬০ টাকা দরে বিক্রি করছেন তাঁরা। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে গতকাল ১ হাজার ৯৭৮ লিটার ফার্নেস তেল কিনেছে প্রতিষ্ঠানটি।
যমুনা অয়েল কোম্পানির উপব্যবস্থাপক হাসান ইমাম জানান, গত পাঁচ দিনে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে মোট ৩ হাজার ১৩ লিটার ফার্নেস তেল কিনেছেন তাঁরা। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে কোম্পানির প্রতিনিধিরা থাকবেন।