উদ্ধার আট কিশোরী ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রামে
ডাক্তারি পরীক্ষার জন্য উদ্ধার হওয়া ১১ কিশোরীর মধ্যে আটজনকে গত সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বান্দরবান সদর হাসপাতালে এ ব্যবস্থা না থাকায় আদালতের নির্দেশে তাদের চট্টগ্রামে পাঠায় পুলিশ।
বান্দরবান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, উদ্ধারের পর তিন কিশোরীকে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি আটজন যৌন নির্যাতনের শিকার হয়েছে—এমন তথ্য রয়েছে। তাই আদালতের নির্দেশে তাদের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
গত শনিবার টেকনাফের উলুবনিয়া সীমান্ত থেকে ১১ কিশোরীকে উদ্ধার করে পুলিশ। তাদের বাড়ি বান্দরবানের রোয়াংছড়িতে। এর আগে কিশোরীদের পাচারের অভিযোগে থানায় মানব পাচারের মামলা করেন এক অভিভাবক। পরে পুলিশ অভিযান চালিয়ে পাচারের ঘটনায় রাঙামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহারের ভিক্ষু উ স্বিরীসহ দুজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পাচারের ঘটনায় জড়িত থাকার কথার পুলিশের কাছে স্বীকার করেন।
এদিকে কিশোরীদের জিজ্ঞাসাবাদ ও ডাক্তারি পরীক্ষার নামে পুলিশ হয়রানি করছে—এমন অভিযোগে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) গতকাল মঙ্গলবার বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে। তারা ২৪ ঘণ্টার মধ্যে কিশোরীদের অভিভাবকের কাছে হস্তান্তরের দাবি জানান। পিসিপির জেলা সভাপতি উবাসিং মারমা এবং মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি লুসাই মং মারমা মানববন্ধনে বলেন, আট কিশোরীকে অভিভাবকদের কাছে হস্তান্তর না করে পুলিশের হেফাজতে রাখা মানবাধিকার লঙ্ঘনের শামিল।
অপরদিকে একই স্থানে উদ্ধার হওয়া কিশোরীদের অভিভাবকেরা মানব পাচার বন্ধের দাবিতে পৃথক মানববন্ধন করেন। তাঁরা বলেন, কিশোরীদের পুলিশ হয়রানি করছে এই অভিযোগ সত্য নয়। কিশোরীদের দ্রুত উদ্ধার করায় তাঁরা পুলিশকে ধন্যবাদ দেন।