ফরিদপুরে দুই ডাকাতকে গ্রেপ্তার করে গণপিটুনি দিয়েছে জনতা। আটক ডাকাতদের আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে রাখে। পরে ফরিদপুর পুলিশ লাইন থেকে অতিরিক্ত আর্মড পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ডাকাতদের থানায় নিয়ে আসে। গত শুক্রবার এ ঘটনা ঘটে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের কবিরপুর এলাকায়।কবিরপুর এলাকার ব্যবসায়ী মামুন মোল্লা (৩৫) জানান, ৭ জুন রাতে ফরিদপুর শহর বাইপাস এলাকায় তিনি এক তরুণীকে নিয়ে একটি মোটরসাইকেলে যাওয়ার সময় আট-নয়জনের ডাকাত দলের কবলে পড়েন। ডাকাতরা তাঁকে বেঁধে রেখে তাঁর সঙ্গের তরুণীকে ধর্ষণ করে। এরপর মোটরসাইকেল, নয় হাজার টাকা ও দুটি মুঠোফোন সেট নিয়ে যায়। ওই রাতে বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানায় জানালে থানা মামলা নিতে অস্বীকার করে। এরপর তিনি তাঁর পরিচিত লোকদের সহায়তায় গত বৃহস্পতিবার রাতে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ডাকাত দলের দুই সদস্যকে আটক করেন। তাঁরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকার মো. এরশাদ আলী (৩০) ও কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মো. খোকন (২৮)।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পুলিশ খবর পেয়ে ডাকাত দলের আটক হওয়া দুই সদস্যকে নিজেদের হেফাজতে আনতে যায়।ঘটনার প্রত্যক্ষদর্শী মশিউর রহমান জানান, ওই দিন দুপুর দুইটার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ আটক ডাকাত দলের দুই সদস্যকে তাদের হেফাজতে নিতে গেলে গ্রামবাসী বাধা দেয়।গ্রামবাসীর দাবি, তাঁদের পুলিশে দিলে আবার জামিন পেয়ে যাবেন। তাই জনতার আদালতে তাঁদের বিচার করা হবে। পুলিশ এক পর্যায়ে আটক দুই ব্যক্তিকে গাড়িতে তুললে জনতা তাঁদের ছিনিয়ে নিয়ে গণধোলাই দেয় এবং পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। প্রায় দুই ঘণ্টা পর বিকেল চারটার দিকে অতিরিক্ত আর্মড পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসে।খবর পেয়ে রাজবাড়ী থানার ওসি মো. সারাফতউল্লাহ কবিরপুর এলাকায় আসেন। তিনি আটক ব্যক্তিদের চিহ্নিত ডাকাত হিসেবে শনাক্ত করেন।রাজবাড়ী থানার ওসি মো. সারাফতউল্লাহ বলেন, এরশাদের বিরুদ্ধে একটি মোটরসাইকেল ডাকাতি ও খোকনের বিরুদ্ধে লাইসেন্সকৃত একটি বন্দুক ডাকাতি করার অভিযোগে রাজবাড়ী থানায় মামলা রয়েছে।ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, মামুন দুই ডাকাতকে আটক করে আইন হাতে তুলে নিতে চেয়েছিলেন।