উদ্ধার করা কাঠ আনার পথে বনকর্মীদের ওপর হামলা!
চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করে নদীপথে সুন্দরবন পূর্ব বিভাগের গুলিশাখালী ক্যাম্পে নিয়ে আসার পথে বনকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার বনকর্মীরা জানান, সন্ত্রাসীরা ওই কাঠ লুট করে নিয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া বাজারের গুয়াতলা খালে এ ঘটনা ঘটে।সন্ত্রাসীদের হামলার শিকার তিন বনকর্মী হলেন গুলিশাখালী ক্যাম্পের ফরেস্টার আবদুর রশিদ, বনরক্ষী ফজলুর রহমান ও ইউনুস। ফজলুর ও ইউনুস জানান, হামলাকারীদের অন্তত ছয়জনকে তাঁরা চিনতে পেরেছেন।সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা আবদুল খালেক গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড শরণখোলা কনটিনজেন্টের সদস্যদের সহযোগিতায় বনকর্মীরা বহরবুনিয়া ইউনিয়নের এসবি বাজারসংলগ্ন খাল থেকে ২৮টি সুন্দরী গাছসহ একটি ট্রলার উদ্ধার করেন। ভোরে তাঁরা কাঠবোঝাই ট্রলার নিয়ে গুলিশাখালী ক্যাম্পের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা নাগাদ তেঁতুলবাড়িয়া বাজারের কাছে গুয়াতলা খালে ১৫-২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করে এবং বনকর্মীদের জিম্মি করে। এ সময় সন্ত্রাসীরা কাঠ আনার কাজে নিয়োজিত তিন বনকর্মীকে প্রহার করে তাঁদের কাছে থাকা দুটি আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়। প্রায় পাঁচ ঘণ্টা আটক রাখার পর সন্ত্রাসীরা অস্ত্র ফেরত দিয়ে বনকর্মীদের ছেড়ে ট্রলারসহ কাঠ নিয়ে চলে যায়। বিকেলে গুলিশাখালী ক্যাম্প থেকে বনকর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করেন।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার জানান, ধানসাগর স্টেশন কর্মকর্তাকে ট্রলারটি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আজ শনিবার এ বিষয়ে থানায় মামলা করা হবে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, এ ধরনের একটি ঘটনার কথা মুঠোফোনে জেনেছেন তিনি। তবে লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।৪০টি ট্রলারসহ দুই শতাধিক জেলে অপহূতমংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, বঙ্গোপসাগরে ৪০টি মাছ ধরার ট্রলার ও দুই শতাধিক জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। জেলার মহিপুরের জেলে-মহাজন মজনু গাজী ও পাথরঘাটা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, সুন্দরবনের বনদস্যু রাজু-আব্বাস বাহিনী, জুলফিকার আলী জুলফু বাহিনী ও কৃঞ্চসাগর বাহিনীর প্রায় শতাধিক সশস্ত্র দস্যু গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গোপসাগরের ১ নম্বর বয়া থেকে ফেয়ারওয়ে বয়া পর্যন্ত এলাকায় হামলা করে ৪০টি মাছ ধরার ট্রলার ও দুই শতাধিক জেলেকে অপহরণ করে বনের গহিনে নিয়ে গেছে। এ ছাড়া দস্যুরা শতাধিক ট্রলারে থাকা মাছ, জালসহ অন্যান্য মালামাল লুটে নেয়। অপহূত জেলেদের বাড়ি চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, পাথরঘাটা, মহিপুর এলাকায়। তাঁরা আরও জানান, ট্রলারপ্রতি ১০ লাখ এবং জেলেপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দস্যুরা। কোস্টগার্ড পশ্চিম জোনের ভারপ্রাপ্ত অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট বদরুদ্দোজা জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত অপহরণের কোনো অভিযোগ তাঁরা পাননি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।