গুলশান পুলিশের গুলিতে নিহত মিজানুর রহমানসহ চারজন যে রুপালি রঙের গাড়িটি নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন বলে পুলিশ দাবি করেছিল, সেটির মালিক পাওয়া গেছে। গাড়িটি ছিনতাই করা হয়েছিল।গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) ওয়ালিদ হোসেন প্রথম আলোকে জানান, রুপালি রঙের টয়োটা এলিয়ন গাড়িটি শামসুল আলম নামের এক ব্যক্তির। গত ২১ জুন রাতে গুলশান থেকে গাড়িটি ছিনতাই হয়। এ বিষয়ে গুলশান থানায় মামলাও হয়েছে।গাড়িটির মালিক একটি শিপিং লাইন্সের কর্মকর্তা শামসুল আলম প্রথম আলোকে জানান, গত ২১ জুন গুলশান ১ নম্বর গোলচত্বরে গাড়ি দাঁড় করিয়ে তিনি পাশের বেকারি দোকানে পাউরুটি কিনতে নামেন। গাড়ির ভেতরে আড়াই বছরের শিশুকন্যাকে নিয়ে বসা ছিলেন তাঁর স্ত্রী। গাড়িটির ইঞ্জিন চালু ছিল। হঠাৎই গাড়ির চালকের আসনে একজন আর পেছনে একজন উঠে গাড়ি নিয়ে পালাতে শুরু করে। এ সময় তাঁর স্ত্রী চলন্ত গাড়ি থেকে বাচ্চাকে নিয়ে দ্রুত লাফ দেন। এতে তাঁর স্ত্রী পায়ে আঘাত পান। পরে তাঁর পায়ের বুড়ো আঙুলটি কেটে ফেলে দিতে হয়েছে, আর বাকি আঙুলগুলোরও নখ উঠে গেছে।পুলিশ জানায়, গাড়ির মালিক মামলার নকল (কপি) নিয়ে ইঞ্জিন ও চেসিস নম্বর মিলিয়ে গাড়িটি শনাক্ত করেছেন।গত ৩০ জুন রাতে গুলশানে পুলিশের গুলিতে মারা যান মিজানুর রহমান (৩৫)। মিজানুরের স্ত্রী তাসলিমা বেগমের অভিযোগ, ঘুষের টাকা না পেয়ে গুলশান থানার পুলিশ তাঁকে থানাহাজতে দুই দিন আটকে রেখে পরে গুলি করে হত্যা করেছে। অন্যদিকে পুলিশের দাবি, ডাকাতির প্রস্তুতির সময় তাঁদের ধাওয়া করে পুলিশ। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মিজান ও মানিক নামের দুজন গুলিবিদ্ধ হন। পরে মিজান মারা যান। তাঁরা ছাড়াও গ্রেপ্তার হন আরও দুজন। উদ্ধার হয় একটি রুপালি রঙের এলিয়ন কার ও একটি বিদেশি পিস্তল।