মোনায়েম খানের পরিবারের অবৈধ দখল থেকে উদ্ধার করা ১৪ কাঠা জমি
উদ্ধার করা জায়গা নতুন করে সাজানো হচ্ছে প্রশস্ত হয়েছে সড়ক

স্বাধীনতার বিরোধিতাকারী মোনায়েম খানের পরিবারের অবৈধ দখল থেকে উদ্ধার করা ১৪ কাঠা জমি নতুন করে সাজানো হচ্ছে। ইতিমধ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে নকশা প্রণয়ন করিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। জায়গাটি দখলমুক্ত হওয়ায় বনানী ২৭ নম্বর সড়ক প্রস্থে বেড়েছে ২২ ফুট।
গত বছর ৩ নভেম্বর ডিএনসিসি অভিযান চালিয়ে বিমানবন্দর সড়ক ও বনানী ২৭ নম্বর সড়কের সংযোগস্থলে ১১০ নম্বর প্লট-সংলগ্ন অবৈধ দখলে থাকা ১০ কাঠা সরকারি জায়গা উদ্ধার করে। ডিএনসিসির কর্মকর্তারা বলেন, রাজউকের ১৯৬৭ সালের লে-আউট পরিকল্পনা অনুযায়ী ওই ১০ কাঠা জায়গা সবুজ বেষ্টনীর ভূমি। এটি কেবল রাস্তা, ফুটপাত এবং গাছ লাগানোর জন্য ব্যবহার করা যাবে।
জায়গাটি দখলে রেখেছিলেন মোনায়েম খানের পরিবারের সদস্যরা। মোনায়েম খান ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এই ব্যক্তি একাত্তরে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হন। সিটি করপোরেশনের অবৈধ দখল উচ্ছেদকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মোনায়েম খানের ছেলে এ এইচ এম কামরুজ্জামান খান। গত ১৩ নভেম্বর মোনায়েম খানের বাড়ির রাস্তার পাশে সবুজায়নের (গ্রিন বেল্ট) জন্য বরাদ্দ করা ৫০ ফুট বাই ২০০ ফুট জায়গা রাজউক ও সিটি করপোরেশনের যৌথ জরিপের মাধ্যমে চিহ্নিত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন উচ্চ আদালত।

উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৫ নভেম্বর ডিএনসিসি, রাজউক ও আবেদনকারীর উপস্থিতিতে যৌথ জরিপ পরিচালনা করা হয়। জরিপে দেখা যায়, আবেদনকারী অবৈধভাবে ১১০ নম্বর প্লটের সামনের সবুজ বেষ্টনীর জমি দখলে রেখেছিলেন। এর উত্তরের বাহুর দৈর্ঘ্য পূর্ব-পশ্চিমে ১৯৫ ফুট, দক্ষিণের বাহুর দৈর্ঘ্য পূর্ব-পশ্চিমে ২০২ ফুট এবং প্রস্থ উভয় প্রান্তে ৫০ ফুট অর্থাৎ পরিমাণ প্রায় ১৪ কাঠা। দখল করা জায়গার বনানী কবরস্থানের সীমানা দেয়াল অংশে ফুটপাত ও সড়কের অংশে একটি একতলা মোটরগাড়ির প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র ছিল। ১১০ নম্বর প্লটের সীমানা দেয়াল গড়ে তোলা হয়েছিল সড়কের অংশ দখল করে। ফলে বিমানবন্দর সড়কের সংযোগস্থলে এসে বনানী ২৭ নম্বর সড়কটি প্রস্থে প্রায় ২০ ফুট কমে যায়। ডিএনসিসি জমি উদ্ধারের পরেই সড়কটির প্রস্থ প্রায় ২২ ফুট বেড়েছে। গতকাল দেখা যায়, বিমানবন্দর সংযোগস্থলে সড়কটির প্রস্থ বাড়ায় যানজট লাগছে না। বিমানবন্দর সড়ক দিয়ে বনানী, উত্তরা থেকে আসা যানবাহনগুলো খুব সহজেই ২৭ নম্বর সড়কে প্রবেশ করতে পারছে। চারটি লেনে গাড়ি চলতে পারছে। উদ্ধার হওয়া বাকি জমি দেয়াল দিয়ে ঘিরে দিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ১৪ কাঠা জমিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জায়গাটির ল্যান্ডস্কেপ নকশা করা হয়েছে। কাজ শুরুর দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, পুরো এলাকাটি নতুন করে সংস্কার করা হবে। সড়ক প্রশস্ত করা হয়েছে। কবরস্থানের মসজিদটি সংস্কার করা হবে। কবরস্থানের ভাবগম্ভীরতা বজায় রেখে সবুজকে প্রাধান্য দিয়ে উদ্ধার করা জায়গার নকশা করা হয়েছে।