উদ্ধার করা ১৯০টি ময়না বনে ছেড়ে দেওয়া হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে পাচার করার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করা ১৮০টি পাহাড়ি ময়না আগামী সপ্তাহে পার্বত্য চট্টগ্রামের বনে ছেড়ে দেওয়া হবে। ময়নাগুলো বর্তমানে কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পাখিশালায় রয়েছে। বন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়াও বন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা থেকে উদ্ধার করা ১০টি বিরল প্রজাতির পাহাড়ি ময়নাকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর এ ময়নাগুলোকেও পার্বত্য চট্টগ্রামের বনে ছেড়ে দেওয়া হবে। গত বুধবার খুলনার শান্তিধামের নিউ গোল্ডফিস নামের একটি দোকান থেকে ময়নাগুলো উদ্ধার করা হয়। এর আগে ২ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০টি ময়না উদ্ধার করা হয়। ওই ৩০০টি ময়নার ১২০টি ইতিমধ্যে মারা গেছে।