উদ্ধার করার পরও বাঁচানো গেল না সোহাগকে

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রডবাহী লরির (লং ভেহিকল) ভেতর আটকে পড়া চালকের সহকারী মো. সোহাগ মারা গেছেন। আজ বুধবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ কুমার বড়ুয়া সোহাগের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিকেলে পঙ্কজ কুমার প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে মেডিকেলের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে। সোহাগের বাড়ি নোয়াখালীর সুধারাম থানার সুন্দলপুর গ্রামে।
আজ ভোর সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মগপুকুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবাহী লরির সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহাগ লরির সামনের অংশের কেবিনের ভেতর আটকা পড়েন। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় সোহাগকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দুর্ঘটনায় আহত লরির চালক এবং কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।