উদ্ধার-গ্রেপ্তার সবই হয়েছে তবু চূড়ান্ত প্রতিবেদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারীদের কাছ থেকে মুঠোফোন উদ্ধার হওয়ার পরও আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র না দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়েছে চট্টগ্রামের খুলশি থানার পুলিশ। আদালতের নির্দেশে ঘটনার শিকার মামলার বাদীকে ছিনতাই হওয়া মুঠোফোন ফেরত দেওয়ার দুই দিন আগেই পুলিশ আদালতে (আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় মর্মে) চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। আদালত সূত্র জানায়, গত বছরের ২১ ডিসেম্বর স্থানীয় ব্যবসায়ী কে এম মেহেদী চৌধুরী নগরের আমবাগান এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে নগদ এক লাখ টাকা, সাড়ে ১২ হাজার টাকা দামের একটি মুঠোফোন সেট, একটি হাতঘড়ি এবং নগদ আরও দুই হাজার ৭০০ টাকাসহ একটি মানিব্যাগ কেড়ে নেয়। এ ঘটনায় পরদিন ২২ ডিসেম্বর খুলশি থানায় একটি মামলা হয়। জানতে চাইলে চট্টগ্রামের আইনজীবী শফিউল মোরশেদ চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া কোনো ব্যক্তির তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার হলে চূড়ান্ত প্রতিবেদন দাখিল হবে কেন? ওই ব্যক্তির বিরুদ্ধে তো অভিযোগপত্র দাখিল হওয়ার কথা। পুলিশ তাহলে কোনো কারসাজি করেছে। এ জন্য বাদী আদালতে আইনের আশ্রয় নিতে পারেন। দায়ী পুলিশের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’মামলার নথিপত্র থেকে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত ১৪ জানুয়ারি ওসমান নামের একজনকে গ্রেপ্তার করে। নগরের আমবাগান এলাকা থেকে ওসমান গ্রেপ্তার হন। পরে জহিরুল আলম ও সিরাজ নামের আরও দুজন গ্রেপ্তার হন। পুলিশ একজনের কাছ থেকে মেহেদীর মুঠোফোনটি উদ্ধার করে।মামলার বাদী কে এম মেহেদী চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ছিনতাই হওয়া মুঠোফোনটি উদ্ধার করে আমাকে খবর দেয়। পরে আমি তা পেতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আদালতে আবেদন করি। আদালত আমার কাছে সেটটি ফেরত দিতে নির্দেশ দেন। সাড়ে চার মাস পর ৭ মে সেটটি খুলশি থানার পুলিশ আমাকে ফেরত দেয়।’ মেহেদী আরও বলেন, ‘আমার করা ছিনতাই মামলায় তিন আসামি বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। ৫ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে আসামিরা অব্যাহতি পেয়ে যান। এরপর সবাই কারাগার থেকে মুক্তি পান। আর ছিনতাই করা মুঠোফোন উদ্ধার হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে, আমি ঘটনার শিকার। কিন্তু চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে খুলশি থানার পুলিশ কার্যত ছিনতাইকারীদের রক্ষা করেছে।’জানতে চাইলে খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজউদ্দিন বলেন, ‘আমি আসলে পুরো ঘটনার বিষয়বস্তু সম্পর্কে জানি না। নিশ্চয়ই কোনো কারণ আছে বলে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাদী অসন্তুষ্ট হলে আদালতে নারাজি দিতে পারেন।’বাদী মেহেদী বলেন, ‘মুঠোফোন আনতে গেলে ওসি তো আমার সঙ্গে কথা বলতে রাজি হননি। এখন কেন নারাজি দিতে বলছেন?’