উদ্ধার তিন স্কুলছাত্র বাড়ি ফিরে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার অপহৃত তিন স্কুলছাত্রকে গতকাল রোববার আদালতের মাধ্যমে তাদের মা-বাবার কাছে ফেরত দিয়েছে পুলিশ।
তিন স্কুলছাত্র হলো শিমুল মিয়া, শামিম মিয়া ও অন্তর মিয়া। তাদের গতকাল গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ শুনানি শেষে ছাত্রদের মা-বাবার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। সেখান থেকে তারা সন্ধ্যায় ফলগাছা ও দেওডোবা গ্রামের নিজ নিজ বাড়ি ফেরে।
শিমুল মিয়ার বাবা শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেকে ফিরে পেয়েছি। আমি আর কিছু চাই না।’
শামিম মিয়ার বাবা আবদুল মাজেদ বলেন, ‘১১ দিন পর ছেলেকে ফিরে পেলাম। ভালো লাগছে। কিন্তু অপহরণকারীদের যেন শাস্তি হয়।’ অন্তরের বাবা নুরু মিয়া একই কথা বলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফলগাছা গ্রামের শিমুল, শামিম ও দেওডোবা গ্রামের অন্তর মিয়া ফলগাছা গ্রামের পাশের হাজি এলাহী উচ্চবিদ্যালয়ের ছাত্র। তারা ৩ ফেব্রুয়ারি বিকেলে বই কিনতে স্থানীয় চৌধুরানী বাজারে গিয়ে অপহরণের শিকার হয়। পরদিন শিমুলের বাবা শহীদুলের কাছে মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলা হয়। এ ঘটনায় শিমুলের বাবা সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিকাশ নম্বরের সূত্র ধরে গত মঙ্গলবার কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়ন থেকে তিন ছাত্রকে উদ্ধার করে পুলিশ। ওই দিন সুন্দরগঞ্জ থানা-পুলিশ মাইক্রোবাস নিয়ে উখিয়ায় যায়। সেখান থেকে গত শনিবার দুপুরে তিন স্কুলছাত্রকে সুন্দরগঞ্জ থানায় আনা হয়। গতকাল দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।