উদ্ধার তৎপরতা চলছে, হতাহতদের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের দশম দিনে গতকাল সোমবার সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ থেকে জঞ্জাল সরানোর কাজ করেছেন।

এদিকে বিস্ফোরণে হতাহত শ্রমিকদের মাঝে গতকাল বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া গাজীপুর-২ (টঙ্গী ও গাজীপুর সদরের একাংশ) আসনের সাংসদ জাহিদ আহসান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দুর্ঘটনায় নিখোঁজ ১০ ব্যক্তির স্বজনদের পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।

কারখানার সামনে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এস এম আলম নিহত ২১ জনের পরিবারকে ২০ হাজার করে টাকা এবং আহত ২৫ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন। জেলা প্রশাসক বলেন, ‘আমরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। আরও যদি মৃতদেহ পাওয়া যায় তাঁদের স্বজনদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়টি মৃতদেহ রয়েছে। সেগুলো এখনো শনাক্ত করা যায়নি। এ মৃতদেহগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দুর্ঘটনার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। তদন্ত কমিটির মাধ্যমে যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘উদ্ধারকাজ প্রায় শেষের পথে, আমরা কিছুদিনের মধ্যে এটা সমাপ্ত করতে পারব।’

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইফতেখার আহমেদ চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

গত ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণে এ পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১১ জন। এ পর্যন্ত ২৮টি লাশ হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো ছয়টি লাশ রয়েছে। সেগুলো শনাক্ত করা যায়নি।