উদ্ধার হওয়া হাড়গোড়ের রাসায়নিক প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল থেকে উদ্ধার হওয়া মানুষের হাড়গোড়ের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় আছে পুলিশ। পুলিশ বলছে, প্রতিবেদন পাওয়ার পর লাশের মৃত্যুর ধরন ও সংখ্যার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
গত শুক্রবার সকালে মাতুয়াইলে ঢাকা সিটি করপোরেশনের আবর্জনার স্তূপ থেকে মানুষের মৃতদেহের ১৬টি টুকরা ও ১৩টি হাড়গোড় উদ্ধার করে পুলিশ। পুলিশ হাড়গোড়ের টুকরাগুলো মিলিয়ে একজন পুরুষ ও একজন নারীর আকৃতি পায়। তবে আরও কয়েকটি টুকরা অবশিষ্ট থাকায় ঠিক কয়জন মানুষের লাশের টুকরা, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পরে টুকরাগুলোর রাসায়নিক পরীক্ষার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাসায়নিক প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর ধরন ও সংখ্যা সম্পর্কে কোনো কিছুই বলা যাচ্ছে না।
তবে পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, লাশের কয়েকটি টুকরা স্ক্রু ও তার দিয়ে আটকানো ছিল। টুকরাগুলোর কাটা অংশ, শুকিয়ে যাওয়ার ধরন প্রভৃতি দেখে ওই কর্মকর্তার ধারণা, এগুলো কোনো মেডিকেল কলেজে শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহূত হতো।