উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত লাশের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়ি এলাকা থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশের পরিচয় মিলেছে। তিনি হলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের গাড়িচালক টিপু সুলতান। গতকাল বুধবার স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাঁর লাশ শনাক্ত করেন।
পুলিশ জানায়, গতকাল সকালে টিপু সুলতানের খোঁজে তাঁর স্বজনেরা নগরের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ মর্গে খোঁজ নিতে বলা হয়। টিপু সুলতানের শ্যালক রাকিব হোসেন বলেন, টিপু সুলতান সস্ত্রীক আগারগাঁওয়ের তালতলা এলাকায় থাকতেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক গাড়িচালক। গত মঙ্গলবার রাত থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না, মোবাইল ফোনও বন্ধ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। রাকিব জানান, টিপুর কাছে ১ লাখ ও ৫০ হাজার টাকার দুটি চেক এবং নগদ ২০ হাজার টাকা ছিল। সেগুলো পাওয়া যায়নি। টিপুর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীর ওমরনগরে।
তুরাগ থানার ওসি মাহবুব ই খুদা বলেন, গত মঙ্গলবার সকালে তুরাগ থানার পুলিশ উত্তরার ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়ি, ৪/এ নম্বর সড়কের ৩৩/এ প্লট-সংলগ্ন রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে টিপুর লাশ উদ্ধার করেছিল।