উদ্ধার হওয়া গুলিবিদ্ধ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার চিংড়িজোন থেকে গত শনিবার উদ্ধার হওয়া গুলিবিদ্ধ লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম মো. ফোরকান (২২)। তিনি উপজেলার বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাসপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে। মোহাম্মদ হোসেন জানান, রামপুর এলাকায় তাঁদের একটি চিংড়িঘের রয়েছে। স্থানীয় একটি দখলবাজ চক্র ওই ঘেরটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। গত শুক্রবার থেকে ফোরকানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। চিংড়িঘের দখলসংক্রান্ত বিষয় নিয়েই পরিকল্পিতভাবে গুলি করে তাঁকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, লাশটি উদ্ধারের পর পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে দাফন করা হয়। লাশটি উদ্ধারের পর দুই কানের নিচে ও মাথার পেছনে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন থাকায় ধারণা করা হয়, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর ফোরকানের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, চিংড়িঘের দখলসংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে হত্যা করা হতে পারে।