উদ্ধার হওয়া পিস্তলটি নূর হোসেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে গত শুক্রবার ট্রেনের ধাক্কায় দুমড়ে যাওয়া প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া পিস্তলটি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের। আর গাড়িটির মালিক সোনারগাঁ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরে আলম খান।
গতকাল শনিবার বিকেলে ঢাকা রেলওয়ে থানার অপারেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিরা পালিয়ে গেলেও জিআরপি থানার পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি থেকে একটি ম্যাগাজিনে ২০টি গুলিভর্তি বিদেশি একটি পিস্তল উদ্ধার করে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া পিস্তলটির মালিকের সন্ধান জানতে শুক্রবার রাতে জিআরপি থানা থেকে দেশের বিভিন্ন জেলার থানায় বেতারবার্তা পাঠানো হয়। ওই বার্তা পেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গতকাল ঢাকা জিআরপি থানায় আসে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পিস্তলের গায়ে লেখা নম্বরের সঙ্গে তাদের কাছে থাকা কাগজপত্র মিলিয়ে নিশ্চিত হয়, এটি নারায়ণগঞ্জের নূর হোসেনের। তিনি সেখানকার প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের মামলার প্রধান আসামি।
জিআরপি থানার কর্মকর্তারা বলেন, নূর হোসেন ও তাঁর ঘনিষ্ঠজনদের নামে ১১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। এর মধ্যে নয়টি এখন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের হেফাজতে আছে। বাকি দুটির হদিস ছিল না। শুক্রবার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া পিস্তলটি এর একটি। খোয়া যাওয়া দুটি পিস্তলের লাইসেন্স পুলিশ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, নূর হোসেনের পিস্তলের লাইসেন্সের কাগজপত্রের সঙ্গে উদ্ধার হওয়া পিস্তলের নম্বর মিলেছে। লাইসেন্স বাজেয়াপ্ত হওয়ার পরও নূর হোসেন তাঁর দুটি পিস্তল থানায় জমা দেননি। এখন যাঁরা পিস্তলটি ব্যবহার করছেন, তাঁদের বিরুদ্ধে মামলা হবে।
জিআরপি থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি নূর হোসেনের শ্যালক নূরে আলমের নামে। তিন মাস আগে গুলশান থেকে কেনা গাড়িটির এখনো নিবন্ধন হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, নূরে আলম খান সোনারগাঁ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। দুর্ঘটনার সময় তিনি ও তাঁর স্ত্রী গাড়িতে ছিলেন। আহত ব্যক্তিদের একজনকে শনাক্ত করা হয়েছে। ঢাকা জিআরপি থানার অপারেশন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন মাথায় আঘাত পাওয়া এম এ রহমান ওরফে আনসার আলী ওই দুর্ঘটনার সময় গাড়িটিতে ছিলেন। তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।
শুক্রবার বিকেলে মালিবাগ রেলক্রসিংয়ে চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় একটি প্রাইভেট কারের তিন যাত্রী আহত হন। গাড়িটি রেললাইনে উঠে অচল হয়ে যায়।
নূর হোসেনের প্রতিনিধি কলকাতায়: কলকাতা প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের প্রতিনিধি কলকাতায় এসেছেন। তিনি শিগগিরই নূর হোসেনের পক্ষে আদালতে জামিনের আবেদন করবেন। গতকাল কোর্ট লকআপে যাওয়ার পথে নূর হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
গতকাল দুপুরে ১২ দিনের জেল হেফাজত শেষে নূর হোসেন এবং তাঁর সঙ্গী খান সুমন ও ওহিদুর জামানকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে বারাসাত আদালতে নেওয়া হয়। মামলার পরবর্তী শুনানির ধার্য করা হয়েছে ১৬ আগস্ট।
নূর হোসেনের অন্য সঙ্গী ওহিদুরের পক্ষে গতকাল আদালতে জামিনের আবেদন করেন আইনজীবী অভিষেক চক্রবর্তী। তিনি আদালতকে বলেন, ওহিদুর বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়েই বনগাঁ সীমান্ত দিয়ে এখানে আসেন। এর সত্যতা যাচাইয়ের জন্য তিনি বনগাঁ সীমান্ত থেকে প্রতিবেদন চাওয়ার পাশাপাশি তাঁর পাসপোর্টের সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ হাইকমিশনে প্রতিবেদন পেশ করার আবেদন জানান।
সরকারি আইনজীবী বিকাশ রঞ্জন দে এই আবেদনের বিরোধিতা করে বলেন, গ্রেপ্তার তিনজনই বাংলাদেশের সন্ত্রাসী। নূর হোসেনের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারি রয়েছে। তাঁদের জামিন দেওয়া যায় না। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচার বিভাগীয় হাকিম এডুইন লেপচা এই মামলার কেস ডায়েরি (সিডি) ৭ আগস্ট আদালতে পেশ করার জন্য পুলিশকে নির্দেশ দেন।
এর আগে বিচার বিভাগীয় হাকিমের আদালতে খান সুমনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এরপর তাঁর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের প্রার্থনা করেন আইনজীবীরা। সেই আবেদনেরও শুনানি হবে ৭ আগস্ট।
ওহিদুরের জামিন চাইতে নারায়ণগঞ্জ থেকে কলকাতায় এসেছেন মনির হোসেন নামের এক ব্যক্তি। তিনি সাংবাদিকদের বলেছেন, ওহিদুর তাঁর বন্ধু।
কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকা থেকে গত ১৪ জুন রাতে নূর হোসেন, খান সুমন ও ওহিদুরকে গ্রেপ্তার করা হয়।