উদ্ধার হওয়া ফেনসিডিলের অর্ধেক যায় সোর্সের কাছে!
রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী বলেছেন, ‘পুলিশের এক দারোগা আমাকে জানিয়েছেন, পর্যাপ্ত সোর্সমানি না থাকায় তাঁরা ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করলে অর্ধেক সোর্সদের দিয়ে দেন। বাকি অর্ধেক জমা দেন থানায়।’ সাংসদ বলেন, এভাবে উদ্ধার হওয়া ফেনসিডিল সোর্সদের মাধ্যমে আবার মাদকসেবীদের হাতে চলে যায়। তাহলে কি করে মাদকমুক্ত সমাজ গড়া হবে?গত শনিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের উদ্দেশে সাংসদ কেরামত এ কথা বলেন।পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পুলিশ সুপার (এসপি) এস এম আইনুল বারীর উদ্দেশে বলেন, যেসব দারোগা, ওসি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। এ ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না।স্বরাষ্ট্রমন্ত্রী এসপিকে আরও বলেন, ‘প্রায়ই সংবাদ আসে, রাজবাড়ী মাদক পাচারের রুট হিসেবে ব্যবহূত হচ্ছে। আর যাতে এ ধরনের কোনো খবর না পাই, সে ব্যাপারে এসপি সাহেব আপনি ব্যবস্থা নেবেন।’ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুল হুসাইন খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম, র্যাব-৮ বরিশাল অঞ্চলের অধিনায়ক কর্নেল মুনির, জেলার চার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রমুখ।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে তিনি পাংশা উপজেলায় দলীয় কর্মিসভায় যোগ দেওয়ার পর নতুন ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন।