উদ্ধার হওয়া লাশের ১৩ টুকরা একই নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন আগে রাজধানীর তুরাগ ও উত্তরা থেকে ১৩ টুকরা উদ্ধার হলেও লাশটির মাথা পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকা লাশের টুকরাগুলো মিলিয়ে পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া টুকরাগুলো একই নারীর।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ বলেন, শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া মাথাটি উদ্ধারে চেষ্টা চলছে। নারীর মাথাটি পাওয়া গেলে লাশটির পরিচয় পাওয়া যেতে পারে। এ ঘটনায় তুরাগ থানায় হত্যা মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই নারীকে কোনো বাসাবাড়িতে হত্যার পর হাত-পা আট টুকরা করে একটি কাপড়ের ব্যাগে উত্তরার ৫ নম্বর সেক্টরে, আরেকটি ব্যাগে শরীরের আট টুকরা তুরাগ এলাকায় ফেলে দেওয়া হয়।
গত রোববার বেলা ১১টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি সড়কের পাশে কাপড়ের একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা থানায় জানালে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাপড়ের ব্যাগের ভেতরে হাত-পায়ের আট টুকরা দেখতে পায়। এর আধা ঘণ্টা পর রোববার তুরাগ চন্দ্রভোগ সেতুর ওপরে লাল ও কালো রঙের আরেকটি কাপড়ের ব্যাগে মাথা থেকে বিচ্ছিন্ন শরীরের পাঁচ টুকরা উদ্ধার করা হয়।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, লাশের আলামত সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজের পাশে স্থাপিত ডিএনএ পরীক্ষাগারে রাখা হয়েছে।