উদ্ধার হওয়া ২৪ কেজি সোনা জমা হয়নি
দেশের প্রধান তিনটি বিমানবন্দরে গত এক বছর আট মাসে উদ্ধার হওয়া সোনার মধ্যে ২৪ কেজি কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়নি। এক কেজি সোনার বর্তমান বাজার দর প্রায় ৫০ লাখ টাকা। সে হিসাবে ২৪ কেজি সোনার দাম প্রায় ১২ কোটি টাকা।
কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের আগস্ট পর্যন্ত সময়ে কাস্টমস কর্তৃপক্ষ ও শুল্ক গোয়েন্দারা ঢাকার শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ৪২৪ কেজি সোনা উদ্ধার করেছে। কিন্তু বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের ঢাকা, সিলেট ও চট্টগ্রাম কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, উদ্ধার করা প্রায় এক হাজার ৪০০ কেজি সোনা জমা রয়েছে ব্যাংকে।
কাস্টমস কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী কাস্টমস ও শুল্ক গোয়েন্দাদের উদ্ধার করা সোনা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়। সোনা আটকের পর কাস্টমস কর্তৃপক্ষ চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে অবহিত করে। নিরাপত্তার জন্য একই চিঠি দেওয়া হয় পুলিশ কমিশনারকে। নির্ধারিত তারিখ অনুযায়ী একজন স্বর্ণকারের উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ওই সোনা জমা নেয়।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মুদ্রা শাখার প্রধান জোয়ারদার ইসমাইল প্রথম আলোকে বলেন, প্রথমে বাংলাদেশ ব্যাংকে সোনা জমা হয় অস্থায়ী খাতে। পরে সোনার মালিকানা পাওয়া গেলে মামলা হয়। এতে কাস্টমস কর্তৃপক্ষ জয়ী হলে তা স্থায়ী খাতে চলে যায়। আবার দাবিদার জিতে গেলে তাকে ওই সোনা ফেরত দেওয়া হয়। তবে এমন ঘটনার সংখ্যা খুব কম। সোনার মালিকানা পাওয়া না গেলে তা স্থায়ী খাতে জমা হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থায়ী খাতে ২৪০ ও অস্থায়ী খাতে ৭৯০ কেজি সোনা জমা আছে। কেন্দ্রীয় ব্যাংকের সিলেট কার্যালয়ে দুই কেজি ৬৪১ গ্রাম ও চট্টগ্রামে ৩৭০ কেজি সোনা জমা আছে।