উদ্ধার হয়েছে ৫ জেলে, খোঁজ মেলেনি নৌকার
সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া নৌকার মাঝিদের উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটি এখনো নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ওই নৌপথের (বাংলা চ্যানেলের) ২ নম্বর বয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ-সেন্ট মার্টিন বোট মালিক সমিতির সভাপতি মো. আবু তালেব জানান, বিকেলে পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দেওয়ার প্রায় আধা ঘণ্টা পর ২ নম্বর বয়ার কাছাকাছি এলাকায় মাছ ধরার একটি নৌকাকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এর আধা ঘণ্টা পর শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে আসা এসবি ভাই ভাই নামে মো. জাহাঙ্গীরের মালিকানাধীন ট্রলারটি ভাসমান অবস্থায় পাঁচ জেলেকে উদ্ধার করে।
উদ্ধারকারী সার্ভিস ট্রলারে থাকা জয়নাল আবেদিন ওরফে জুনু মাঝি জানান, পাঁচজন জেলেকে উদ্ধার করলেও নৌকাটি পাওয়া যায়নি। উদ্ধার হওয়া জেলেরা হলেন: নজির আহমদ, আসাদ উল্লাহ, করিম উল্লাহ, খলিলুর রহমান ও আবদুল হালিম। নৌকা ও জেলেরা মিয়ানমারের মংডুর ছনখদ্দা বিল গ্রামের। তিনজনকে তাঁদের এলাকার একটি নৌকায় তুলে দেওয়া হয়েছে এবং আবদুল হালিম ও নজির আহমদকে চিকিৎসা দেওয়ার জন্য সেন্ট মার্টিনে নিয়ে আসা হয়।
কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, তাঁদের জাহাজ কোনো নৌকাকে ধাক্কা দেয়নি। জাহাজের ঢেউয়ের তোড়ে পেছনের দিকে মাছ ধরার একটি নৌকা ডুবে গেছে বলে শুনেছেন।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. এম আশিকুর রহমান ও সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন প্রথম আলোকে জানান, নৌকাডুবির ঘটনায় আহত দুই জেলেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে প্রশাসনের মাধ্যমে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।