উদ্ধার হলো ৭০০ যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপ চ্যানেল পাড়ি দেওয়ার সময় গতকাল রোববার বিকেলে যাত্রীবাহী একটি জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট থেকে যাত্রী নিয়ে জাহাজটি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটে ফেরার পথে এ ঘটনা ঘটে।
বিকল হওয়ার পর ‘এমভি কাজল’ নামের জাহাজটি সন্দ্বীপ চ্যানেলে ভাসতে থাকে। একপর্যায়ে এটি যাত্রাপথ থেকে সরে সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়ার দিকে চলে যায়। এর পরই বিকেল পাঁচটার মধ্যে ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে জাহাজের ৭০০ যাত্রীকে উদ্ধার করা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে উদ্ধার হওয়া যাত্রী মো. হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দুপুর ১২টায় যাত্রী নিয়ে জাহাজটি গুপ্তছড়া ঘাট ছেড়ে যায়। এটি সীতাকুণ্ডের কুমিরা ঘাটে ভেড়ার কথা ছিল। কিন্তু সন্দ্বীপ চ্যানেলের মাঝপথ অতিক্রম করার পর বেলা তিনটার দিকে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিকেল পাঁচটার দিকে ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে আমাদের উদ্ধার করা হয়।’
অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী বলেন, জাহাজের দুটি ইঞ্জিনের মধ্যে একটি বিকল হয়ে পড়ে। সন্দ্বীপ চ্যানেল উত্তাল থাকায় ঝুঁকি না নিয়ে যাত্রীদের ইঞ্জিনচালিত নৌকার সাহায্যে উদ্ধার করা হয়।
সন্দ্বীপ অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘খবর পাওয়ার পরই নৌপরিবহনমন্ত্রীসহ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি আমরা। দ্রুত পদক্ষেপ নেওয়ায় সব যাত্রী নিরাপদে তীরে পৌঁছেছে।’