উদ্ধার হলো আরও তিনটি লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সীগঞ্জে ডুবে যাওয়া এমভি-মিরাজের আরও তিনজন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাত ১১টার পর লাশ তিনটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুজনের পরিচয় পাওয়া গেছে।


উদ্ধার হওয়া দুজনের একজনের নাম জুলহাস বলে জানান তাঁর স্বজনেরা। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরনে ছিল জিন্স-প্যান্ট, টি-শার্ট। তিনি কৃষিকাজ করতেন। এ ছাড়া লুঙ্গি ও শার্ট পরা একজন পুুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মোশাররফ দেওয়ান (৩৫)। স্বজনেরা জানিয়েছেন, তিনি পানের দোকানদারি করতেন।

এদিকে জুলহাসের লাশ উদ্ধারের পর বিভিন্নজন তাঁকে স্বজন বলে দাবি করে। এ সময় একটি হূদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে পুলিশ জুলহাসের পকেট থেকে একটি উদ্ধার হওয়া মুঠোফোন থেকে সিম কার্ড বের করে অন্য মুঠোফোনে ভরে স্বজনদের কল করতে বলে। পরে স্বজনেরা সেই নম্বরে কল করে জুলহাসকে নিজেদের আত্মীয় বললে পুলিশ লাশটির সঠিক অভিভাবক চিহ্নিত করেন। কাকতালীয় ব্যাপার হলো সেই জুলহাসের খালা নাজমা বেগমই আজ লাশ না পেলে বাড়ি যাবেন না বলে পণ করেছিলেন। শরীয়তপুরের সুরেশ্বরের বাসিন্দা নাজমা বলেছিলেন, ‘লাশ না পাইলে বাড়ি যাইতাম না। সরকারের টাকা আমার দরকার নাই। আমার পোলার লাশ দিক। লাশ না পাইলে আমিও এইখানে মরুম।’

নাজমা বেগমের মতো গজারিয়ায় মেঘনা নদীর তীরে জড়ো হওয়া অসংখ্য মানুষ নিখোঁজ স্বজনের সন্ধান ও লাশের দাবিতে ক্ষোভে ফুঁসে উঠেছেন। উদ্ধারকাজের ধীরগতির কারণে অসন্তোষ সৃষ্টি হওয়ায় স্বজন হারানোর শোক ছাপিয়ে ক্রমেই দানা বাঁধছে ক্ষোভ।

আজ সকাল ছয়টা থেকে দিনভর দফায় দফায় বিক্ষোভ করছেন তাঁরা। নির্ঘুম রাতযাপন ও সারা দিন তপ্ত সূর্যের নিচে উত্কণ্ঠায় কাটানোর পর সন্ধ্যায় অনেকেই ক্লান্তিতে ভেঙে পড়েন। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যা সোয়া সাতটার দিকে স্বজনেরা একত্র হয়ে আবারও বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ‘লাশ চাই, লাশ চাই’ বলে স্লোগান দেন।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝড়ের কবলে পড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় এমভি-মিরাজ-৪। লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাচ্ছিল।
দুর্ঘটনার পর থেকে সর্বশেষ পাওয়া খবরে ৩১টি লাশ উদ্ধারের কথা জানা গেছে।