উদ্ধার হলো দুই শিশুর একজনের লাশ

কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীর চরে পদ্মায় নৌকাডুবির ঘটনায় আজ দুপুর পর্যন্ত নিখোঁজ থাকা দুই শিশুর মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। তার নাম নুসরাত জাহান ওরফে তিন্নি (৭)। এখনো নিখোঁজ রয়েছে তাবাসসুম কাজল ওরফে কেয়ামণি (৭)। কেয়ার মা মালা আক্তারও এই নৌকাডুবিতে নিহত হয়েছেন।
তিন্নির চাচা আবুনাস মোবাইলে প্রথম আলোকে জানান, বেলা তিনটার দিকে পদ্মার বৈরাগীর চরের আশপাশের কোলদিয়ার এলাকায় তিন্নির লাশ পাওয়া যায়।
ঈদের দিন গত মঙ্গলবার বিকেলে পদ্মায় নৌকা নিয়ে অনেকে ঘুরতে বের হয়। বেলা তিনটার দিকে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় ওঠে ১৮ জন। নদীর মাঝখানে যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। ঘাটে থাকা অন্য নৌকার মাঝিরা চেষ্টা করে ডুবে যাওয়া নৌকার মাঝিসহ সাতজনকে উদ্ধার করে। দুর্ঘটনার ২৭ ঘণ্টা পর গত বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত পদ্মা ও গড়াই নদীর বিভিন্ন জায়গা থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন এসব লাশ উদ্ধার করেন।
এদিকে নৌকাডুবির ঘটনায় পুলিশ গত বুধবার বিকেলে বৈরাগীর চর এলাকা থেকে নৌকার মাঝি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে মাঝি আশরাফুলের বিরুদ্ধে মামলা হয়েছে।
ওসি সকালে জানিয়েছিলেন, আরিচা ঘাট পর্যন্ত সব থানা ও ঘাট এলাকায় নিখোঁজ শিশুদের ছবিসহ পোশাকের বর্ণনা দিয়ে বার্তা পাঠানো হয়েছে।