উদ্ধার হয়নি স্কুলছাত্র তন্ময়
চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে অপহূত হওয়া স্কুলছাত্র তন্ময় পাল বাবুকে এক মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তন্ময়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত ২১ জুলাই উপজেলার ধুম ইউনিয়ন থেকে কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়। তন্ময় ধুম ইউনিয়নের পালপাড়ার বাসিন্দা অজিত পালের একমাত্র ছেলে। সে মেহেরুননেছা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তন্ময়ের কাকা শীতল কুমার পাল গত ২২ জুলাই মিরসরাই থানায় একটি জিডি করেছেন। অজিত পাল বলেন, প্রতিদিনের মতো তন্ময় ২১ জুলাই সকালে বিদ্যালয়ে যায়। বিকেলে সব ছাত্রছাত্রী বাড়ি ফিরে এলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। তন্ময়ের সঙ্গে থাকা মুঠোফোনে তিনি ফোন করলে এক নারীর কণ্ঠ অপর প্রান্ত থেকে শোনা যায়। একই সঙ্গে ফোনে তন্ময়ের কান্নার শব্দও শুনেছেন বলে অজিত দাবি করেন।অজিত বলেন, ফোনের অন্য প্রান্তে থাকা নারী তাঁকে বিরক্ত না করতে বলে ফোনের লাইন কেটে দেয়। এর পর থেকে মুঠোফোনটি বন্ধ রয়েছে। কেন তন্ময়কে অপহরণ করা হয়েছে, সে বিষয়েও তাঁরা কিছু বলতে পারছেন না বলে জানান।তন্ময়ের আরেক কাকা রণজি ৎ পাল জানান, একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা-মা এখন পাগলপ্রায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহান গতকাল সোমবার বলেন, এক মাস পার হয়ে গেলেও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন একটি ছেলেকে খুঁজে বের করতে পারছে না। মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান বলেন, থানায় কোনো মামলা না হলেও পুলিশ তন্ময়কে উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে।