সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ট্রলার থেকে উদ্ধার করা মালয়েশিয়াগামী ১১৬ যাত্রীকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যাত্রীরা আদালতে জবানবন্দি দেন। আদালত প্রত্যেক যাত্রীকে তাঁদের অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য পুলিশকে নির্দেশ দেন।
গতকাল সকাল ১০টার দিকে পুলিশ ১১৬ যাত্রীকে টেকনাফ থেকে বাসে করে কক্সবাজার আদালতে নিয়ে আসেন। আদালতের চারজন বিচারক সন্ধ্যা সাতটা পর্যন্ত ১১৬ যাত্রীর জবানবন্দি গ্রহণ করেন। বিচারকেরা হলেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহিউদ্দিন মুরাদ, নিশাদুজ্জামান, অরুণ পাল ও বিচারিক হাকিম শফি উদ্দিন। এরপর যাত্রীদের অভিভাবকদের কাছে হস্তারের জন্য তাঁদের পুলিশের জিম্মায় জামিন দেন বিচারকেরা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির হোসেন জানান, ১১৬ যাত্রীকে গতকাল আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জবানবন্দি গ্রহণ করে জামিনে মুক্তি দেন। এরপর তাঁদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল সন্ধ্যায় আদালত থেকে বাবার হাত ধরে বাড়িতে ফিরে যাচ্ছিলেন কক্সবাজার শহরের পাহাড়তলীর সাব্বির আহমদ। তিনি জানান, ‘আল্লাহর রহমত ছিল বলে গভীর সাগর থেকে প্রাণে ফিরতে পেরেছি।’
গত মঙ্গলবার বিকেলে সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে ১১৬ জন মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করে কোস্টগার্ড। তাঁদের উদ্ধারের পর বুধবার সকালে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। যাত্রীদের বাড়ি নরসিংদী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, নরায়ণগঞ্জ, কক্সবাজার, সুনামগঞ্জ ও মাদারীপুর জেলায়।
এদিকে গত বুধবার কোস্টগার্ড সেন্ট মার্টিন স্টেশনের কর্মকর্তা ফিরোজ আহমদ বাদী হয়ে টেকনাফ থানায় ৪০ জন দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের দায়িত্বে থাকা লে. কমান্ডার শহিদ হোসেন চৌধুরী জানান, ১১৬ যাত্রীকে টেকনাফ আনার পথে ডুবে
যাওয়া ট্রলারটি গতকাল বিকেল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী যান এলে ট্রলারটি তোলা হবে। ভাটার সময় ডুবে যাওয়া ট্রলারটি দেখা যায়।