উদ্ধার ১১৬ যাত্রী পুলিশি হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট মার্টিন উপকূলে বঙ্গোপসাগরে ট্রলার থেকে মঙ্গলবার উদ্ধার করা মালয়েশিয়াগামী শতাধিক বাংলাদেশি। সামনে দাঁড়ানো মো. রিপন l ছবি: প্রথম আলো
সেন্ট মার্টিন উপকূলে বঙ্গোপসাগরে ট্রলার থেকে মঙ্গলবার উদ্ধার করা মালয়েশিয়াগামী শতাধিক বাংলাদেশি। সামনে দাঁড়ানো মো. রিপন l ছবি: প্রথম আলো

কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ভাসমান ট্রলার থেকে উদ্ধার করা ১১৬ যাত্রীকে গতকাল বুধবার সকালে টেকনাফ থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। দালালের মাধ্যমে এসব যাত্রী অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।
তবে ট্রলারটি সেন্ট মার্টিন থেকে টেকনাফে নেওয়ার পথে ডুবে যায়। উদ্ধার হওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের অন্তত ২৪ জন গত ১৮ মার্চ থেকে ট্রলারে ছিলেন। অন্যরা বিভিন্ন সময়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের বিভিন্ন এলাকা থেকে ছোট নৌকায় করে মাঝ সাগরে গিয়ে এই ট্রলারে ওঠেন।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার কাজী ফরিদুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলে উদ্ধার করার পর রাত সাড়ে নয়টার দিকে দড়ি দিয়ে বেঁধে ট্রলারটি সেন্ট মার্টিন থেকে টেকনাফে নেওয়ার পথে নাফ নদীর মোহনায় শাহপরীর দ্বীপ বদরমোকাম এলাকায় ট্রলারটি ডুবোচরে আটকা পড়ে। ঢেউয়ের ধাক্কায় এর তলা ফেটে যায়। রাত তিনটার দিকে টেকনাফ ও সেন্ট মার্টিন থেকে দুটি ট্রলার এনে যাত্রীদের নিরাপদে টেকনাফে পাঠানো হলেও থাই নাগরিকের মালিকানাধীন কাঠের এই ট্রলারটি ডুবে যায়। গতকাল বিকেল পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা যায়নি।
উদ্ধার হওয়া যাত্রী মাদারীপুরের মো. সানজিদ জানান, গত ১৮ মার্চ চট্টগ্রামের ফকিরহাট এলাকা থেকে দালালেরা তাঁর সঙ্গে আরও তিনজনকে একটি নৌকায় তুলে গভীর সাগরে অবস্থানরত এই ট্রলারে তুলে দেন। তখন ট্রলারে আরও ১৯ জন যাত্রী ছিলেন। পরে চট্টগ্রামের আনোয়ারা, গহিরা, পটিয়া, কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, টেকনাফ, শাহপরীর দ্বীপ ও মিয়ানমার থেকে ছোট ছোট নৌকায় করে বিভিন্ন সময়ে আরও তিন শতাধিক যাত্রী তোলা হয়। তাঁদের মধ্যে মিয়ানমারের অন্তত ৩৫ জন নারী ছিলেন।

দুই ছেলে জিয়াবুল ও শুক্কুর ট্রলারে সাগর পাড়ি দিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন। এখন নিখোঁজ। মা নুর আয়েশা জানেন না, তাঁর এই দুই ছেলে বেঁচে আছেন কি না। নাতিকে জড়িয়ে ধরে আশায় বুক বাঁধেন নুর, তাঁর ছেলেরা ফিরবেন ঘরে। গত মঙ্গলবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমণি গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো
দুই ছেলে জিয়াবুল ও শুক্কুর ট্রলারে সাগর পাড়ি দিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন। এখন নিখোঁজ। মা নুর আয়েশা জানেন না, তাঁর এই দুই ছেলে বেঁচে আছেন কি না। নাতিকে জড়িয়ে ধরে আশায় বুক বাঁধেন নুর, তাঁর ছেলেরা ফিরবেন ঘরে। গত মঙ্গলবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমণি গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো

যাত্রীরা জানান, ৯ মে সকালে ট্রলারটি মিয়ানমার সীমান্ত দিয়ে থাইল্যান্ডের দিকে যেতে থাকলে সেখানকার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি করতে থাকেন। একপর্যায়ে যাত্রীসহ ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এলাকায় ফিরে আসে। ট্রলারের দালালেরা মুঠোফোনে কথা বলে জানতে পারেন, থাইল্যান্ডে মানব পাচারকারীদের ধরতে অভিযান চলছে। বহু দালাল ধরা পড়েছেন। পরে দালালেরা জাহাজ থেকে ৩৫ জন নারীসহ দুই শতাধিক যাত্রীকে ছোট ছোট নৌকায় করে মিয়ানমারের বিভিন্ন উপকূলে নামিয়ে দেন। ট্রলারে থাকা সাতজন দালাল সেন্ট মার্টিনের দিকে গভীর বঙ্গোপসাগরে ট্রলারটি নিয়ে যান। সেখানে ১১৬ জন যাত্রীকে রেখে তাঁরাও অন্য একটি ট্রলারে করে পালিয়ে চলে যান। যাত্রীরা হইচই ও কান্নাকাটি শুরু করলে দালালেরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন।
সিরাজগঞ্জের যাত্রী এহসান মোল্লা জানান, চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথে বিদেশি একজন সারেং (মাঝি) ট্রলারটি চালান। কিন্তু ৯ মে রাতে ১১৬ জন বাংলাদেশি যাত্রীকে রেখে মিয়ানমারের নাগরিক ও দালালেরা অন্য ট্রলারে করে চলে যান। তখন এই ট্রলারের যাত্রী সিরাজগঞ্জের মো. রিপন গভীর সাগরে ট্রলারটি চালান। রিপনের ট্রলার চালানোর অভিজ্ঞতা রয়েছে। তা না হলে সবাইকে সাগরে ডুবে মরতে হতো।
উদ্ধার হওয়া যাত্রী মো. সানজিদ জানান, তাঁদের শুধু শুকনো খাবার দেওয়া হতো। সপ্তাহে একবার শুকনো মরিচ ও লবণ দিয়ে একবেলা ভাত খেতে দেওয়া হতো। আরেক যাত্রী নরসিংদীর হাসান মোল্লা জানান, ১১ মে বিকেলে সেন্ট মার্টিনের কাছাকাছি মিয়ানমারের সীতা পাহাড় নামক স্থানে (বঙ্গোপসাগরে) ছোট ছোট ১২ থেকে ১৪টি ট্রলারে অসংখ্য যাত্রীকে ভাসতে দেখা গেছে।
গতকাল সকাল ছয়টার দিকে টেকনাফের কেরনতলী এলাকার কোস্টগার্ড স্টেশনের জেটিঘাটে গিয়ে দেখা যায়, যাত্রীদের অনেকে অভুক্ত থেকে রোগাক্রান্ত হয়ে পড়েছেন। কোস্টগার্ডের সদস্যরা অসুস্থ যাত্রীদের চিকিৎসা ও খাদ্য-সহায়তা দেন। যাত্রীদের অধিকাংশের বাড়ি নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, মাদারীপুর, সুনামগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, কক্সবাজারসহ বিভিন্ন জেলায়।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, সেন্ট মার্টিন সাগর থেকে উদ্ধার হওয়া ১১৬ জন যাত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তাঁরা বাংলাদেশি নাকি মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা), তা শনাক্ত করা হচ্ছে।
আরও ১১ মালয়েশিয়াগামী যাত্রী আটক: টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলাচর এলাকায় গতকাল বুধবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১১ জন মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করেছেন। বিকেলে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের মহেশখালীর মামুন মিয়া, হেলাল মিয়া, চকরিয়ার নুরুল হোসেন প্রকাশ ভুট্টো, চট্টগ্রামের বাঁশখালীর আমির রহমান, হায়দার আলী, মহিউদ্দিন, জসিম উদ্দিন, মাদারীপুরের মামুন, বাবুল মোল্লা, রেজাউল এবং সুনামগঞ্জের শামীম আহমদ।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, মানব পাচার রোধ ও মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে উপকূলে বিজিবির টহল বাড়ানো হয়েছে।