উদ্ধারকর্মীরাই যেখানে ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পরিত্যক্ত ব্যারাক ভবনে ঝুঁকি নিয়ে বসবাস করেন স্টেশনের কর্মীরা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
জামালপুর সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পরিত্যক্ত ব্যারাক ভবনে ঝুঁকি নিয়ে বসবাস করেন স্টেশনের কর্মীরা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

এক বছর আগে জামালপুর সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের প্রশাসনিক ভবন ও ব্যারাক ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তর পরিত্যক্ত ঘোষণা করলেও ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এ দুটি ভবন ব্যবহার অব্যাহত রেখেছেন।
ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, স্টেশনটি ১৯৬২ সালে নির্মিত হয়। ১৯৬৪ সালে এটি প্রথম শ্রেণির মর্যাদা পায়। ২০১৪ সালের মার্চে জামালপুরের গণপূর্ত অধিদপ্তর স্টেশনের প্রশাসনিক ও ব্যারাক ভবন দুটি পরিত্যক্ত ঘোষণা করে।
৬ মে সরেজমিনে দেখা যায়, ভবন দুটির ছাদ ও বিমের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে পড়েছে।বিভিন্ন কক্ষ ঘুরে দেখা গেল, ছাদের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে গেছে। দরজা-জানালাও ভাঙাচোরা। এ অবস্থার মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যারাকে বসবাস করছেন।
ফায়ার সার্ভিসের কর্মী সুলতান মিয়া বলেন, ‘দুর্যোগের মধ্যে সাধারণ মানুষকে উদ্ধারের দায়িত্ব আমাদের ওপর। কিন্তু প্রতি মুহূর্তে এমন দুর্ঘটনার শঙ্কা নিয়ে ব্যারাকে বসবাস করছি। ব্যারাকের ভেতরে থাকা অবস্থায় মনে হয় এই নাকি ছাদভেঙে গায়ের ওপরে পড়ল। কয়েক দিন আগে দুপুরে বেডে শুয়ে ছিলাম। হঠাৎ ছাদের আস্তর ভেঙে শরীরের ওপর পড়লে আহত হই। এ ঘটনার পর থেকে ব্যারাকে বসবাসকারী ৩৭ জন কর্মী সব সময় ভীতির মধ্যে আছেন।’
ফায়ার সার্ভিসের কর্মীদের দলনেতা মো. লাভলু তরফদার বলেন, ‘মানুষকে ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ওপর। কিন্তু আমদেরই এখন ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কের মধ্যে থাকতে হয়। ভবন দুটির এমন অবস্থা যে ছোট ধরনের কোনো দুর্যোগের ঘটনা ঘটলেই আমরাই আগে দুর্ঘটনার শিকার হব।’ তিনি ঝুঁকিপূর্ণ ভবন দটি ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানান।
ফায়ার সার্ভিস স্টেশনের ড্রাইভার মনিরুজ্জামান বলেন, ‘অগ্নি-নির্বাপণের গাড়িগুলো প্রশাসনিক ভবনের নিচে রাখা থাকে। ভবনে ছাদের যে অবস্থা যেকোনো মুহূর্তে ছাদ ভেঙে গাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। সম্প্রতি যে ভূমিকম্প হয়ে গেল সে সময় ছাদের বিভিন্ন অংশের পলেস্তারা ভেঙে গাড়ির ওপর পড়ে। পরে দ্রুত গাড়িগুলো ভবনের নিচ থেকে সরিয়ে ফেলা হয়।’
জামালপুর সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মফিদুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ভবনই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ভবন ছেড়ে দিতে বলেছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থাতেই আমাদের সব কার্যক্রম চালাতে হচ্ছে। পাঁচ মাস আগেই নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা জানিয়েছে ঝুঁকিপূর্ণ ব্যারাক থেকে দমকল বাহিনীর কর্মীদের সরিয়ে নিতে নতুন একটি টিনশেড ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হবে। কিন্তু এখনো তা পাওয়া যায়নি।’