খুব শিগগির উদ্ধার-তৎপরতা শেষ হতে যাচ্ছে। তাই বিদেশি সহায়তার প্রয়োজন নেই—এমন যুক্তি দেখিয়ে সাভারের রানা প্লাজা ধসের উদ্ধার-তৎপরতায় যুক্তরাজ্যের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনের মুখপাত্র গতকাল সোমবার প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত বুধবার রানা প্লাজা ধসে পড়ার এক দিন পর বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সহায়তার প্রস্তাব পাঠায় যুক্তরাজ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিষয়টি তদারক করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখন যুক্তরাজ্যের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তা নাকচ করা হয়।জানতে চাইলে যুক্তরাজ্যের এক কূটনীতিক প্রথম আলোকে বলেন, ভবনধসে উদ্ধার-তৎপরতা ও ক্ষয়ক্ষতি নিরূপণে কারিগরি সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছিল। বাংলাদেশের সাড়া পেলে দ্রুততম সময়ে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞদের ঢাকায় পাঠানোর পরিকল্পনা ছিল।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, ঢাকায় যুক্তরাজ্যের দূতাবাস উদ্ধার-প্রক্রিয়ায় সহায়তার প্রস্তাব নিয়ে গত বৃহস্পতিবার যোগাযোগ করে। যুক্তরাজ্যের ওই প্রস্তাবে কারিগরি সহযোগিতার বিষয়টি উল্লেখ করা হয়। তবে কীভাবে তা করা হবে, সেটি ব্যাখ্যা করা হয়নি। পরে বিষয়টি নিয়ে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়।এদিকে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাকের বরাত দিয়ে যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকা গতকাল জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের প্রস্তাবটি নাকচ করেছেন। তবে যুক্তরাজ্যের প্রস্তাব সম্পর্কে তিনি সরাসরি কিছু জানেন না বলে পত্রিকাটির কাছে উল্লেখ করেছেন।মোশতাক টেলিগ্রাফকে বলেন, ‘যুক্তরাজ্যের প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন, তা জানি না। তবে শুনেছি, ওই সহায়তার প্রয়োজন ছিল না। যদি তাদের ওই সহায়তায় যন্ত্রপাতি দেওয়া হতো, উদ্ধারকাজে অবশ্যই তা কাজে লাগত। আমি জানি না, তারা দু-তিন দিনের মধ্যে তা সরবরাহ করতে পারত কি না।’