মংলা বন্দরের শিল্পাঞ্চল এলাকায় মংলা সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার বেলা একটার দিকে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত বৃহস্পতিবার দুপুরে ভবনটির ছাদ ধসের এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। আহত হয়েছেন ৪৬ জন। গুরুতর আহত এক শ্রমিককে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতেই ঢাকার সিএমএইচ হাসাপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের খুলনা ও বরিশাল বিভাগীয় উপপরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে জানান, ‘দুর্ঘটনার পর বৃহস্পতিবার বেলা একটা থেকে গতকাল বেলা একটা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা নৌবাহিনী, সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ধ্বংস্তূপের নিচে থেকে আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। বেলা একটার দিকে আমরা উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে শেষ করি।’
সেনাকল্যাণ সংস্থার মংলা সিমেন্ট কারখানার উপমহাপরিচালক (ডিডিজি) ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন বলেন, উদ্ধার করা সাত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সাতজনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর গ্রামের মাহারুফ ও আনসার শেখ এবং গৌরম্ভা গ্রামের আমির আকুঞ্জি, খুলনা মহানগরের হাজীবাড়ী এলাকার আল আমিন, সাতক্ষীরার কলারোয়া এলাকার বাকী বিল্লাহ ও শ্যামনগর এলাকার সিরাজুল ইসলাম।
সেনাকল্যাণ সংস্থার পক্ষ থেকে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া আহত ব্যক্তিদের সব রকম চিকিৎসাসেবা ও এর ব্যয়ভার বহন করা হবে। জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে ২০ হাজার টাকা ও আহত শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে।
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শোক: মংলায় সিমেন্ট কারখানার ছাদ ধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান অবিলম্বে নিহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎস্যার ব্যবস্থা করা এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।