উদ্ধারকাজ শেষ, শেষ হচ্ছে না শত স্বজনহারার শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুলডোজার, হাইড্রোলিক হ্যামারসহ ভারী যন্ত্রের গর্জন থেমে গেছে। হাজার প্রাণের সংহারক রানা প্লাজার ইট-বালু, রড-সিমেন্টের চাঁইগুলোর স্থান হয়েছে সাভারের বংশী নদীর তীরে। কিন্তু থামছে না কান্না, স্বজনহারাদের কান্না। ভারী যন্ত্রের গর্জন কানে লাগে। কিন্তু এই চাপা কান্না হূদয় বিদীর্ণ করে।

টানা ২০ দিনের তৎপরতার পর এবার সবার বাড়ি ফেরার পালা। কিন্তু সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠকে যাঁরা ঠিকানা বানিয়েছিলেন, তাঁদের মধ্যে দু-তিন শ জনের অপেক্ষায় পালা যেন এখনো শেষ হয়নি।

গতকাল বিকেলে দেখা গেল, ধসে পড়া নয়তলা ভবনের জায়গায় মানুষের উচ্চতার সমান গর্ত। ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু ধ্বংসাবশেষের শেষ মুহূর্তের অপসারণ চলছিল। চিড়ে-চ্যাপ্টা হয়ে যাওয়া বেশ কিছু গাড়ির ধ্বংসাবশেষও চোখে পড়ল। এর আগে দুপুর দুইটার দিকেই সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, উদ্ধারকাজ শেষ করে আজ মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হবে ‘রানা প্লাজা’।

ধ্বংসস্তূপ থেকে সর্বশেষ মৃতদেহটি উদ্ধার করা হয় রোববার বেলা তিনটায়। সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, তাঁর নাম শাহীনূর। পরিচয়পত্র নম্বর-৮৮৫। সঙ্গে একটা মুঠোফোন ছিল। কিন্তু এর ভেতরে থাকা সিমকার্ডটি অকেজো থাকায় স্বজনদের পরিচয় জানা যায়নি। এর আগে রোববার বেলা ১১টার দিকে আরেকটি মৃতদেহ উদ্ধার হয়। এটা পুরুষের, সঙ্গে একটি ঘড়ি ও সাড়ে চার হাজার টাকা ছিল। তবে এই দিয়ে তাঁর পরিচয় শনাক্ত করা গেল না। কারণ, এত দিনে মৃতদেহটি পুরোপুরিই বিকৃত হয়ে গেছে।

গত ২৪ এপ্রিল সকালে ধসে পড়ে রানা প্লাজা। গত ২৮ এপ্রিল থেকে শুরু হয় ভারী যন্ত্রের সাহায্যে দ্বিতীয় পর্যায়ের উদ্ধারকাজ। ঢাকা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষের তথ্যানুযায়ী, ধসে পড়া ভবন থেকে জীবিত ও মৃত উদ্ধার করা হয় তিন হাজার ৫৫৩ জনকে। এর মধ্যে মৃতদেহ উদ্ধার করা হয় এক হাজার ১১৫ জনের। জীবিত উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৮ জনকে। তাঁদের মধ্যে পরে হাসপাতালে মারা যান ১২ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা এক হাজার ১২৭।

গতকাল বিকেল পর্যন্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৭৮১টি মরদেহ। হস্তান্তরের অপেক্ষায় মর্গে রয়েছে ৫৯ জনের মরদেহ। অধরচন্দ্র স্কুলের মাঠে আর কোনো মরদেহ নেই। নাম-পরিচয়বিহীন ২৩৪টি মৃতদেহ দাফন করা হয় জুরাইন কবরস্থানে।

নিয়ন্ত্রণকক্ষে কর্মরত ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার তারিকুল আলম জানান, মর্গে থাকা ৫৯টি মৃতদেহ শনাক্ত করার জন্য গতকাল স্বজনদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নমুনা সংগ্রহ করা হয়।

পার্কিংয়ে যা পাওয়া যায়: গতকাল বেলা একটার দিকে পার্কিং থেকে চারটি চাপাতি, তিনটি রামদা, ১৮ বোতল ফেনসিডিল, ১৫ ক্যান বিয়ার, একটি করাত ও একটি শিকল উদ্ধার করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। র‌্যাব-৪-এর সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর কে এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর উদ্ধারকাজের সময় পার্কিংয়ে থাকা ভবনমালিক সোহেল রানার অফিসকক্ষের পাশের একটি স্টোর রুম থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। ভবন ধসে পড়ার পরও পার্কিংটি অক্ষত ছিল।

গত রোববার এক তলার মেঝে অপসারণের সময় দেখা গেছে, পার্কিংয়ে থাকা দু-তিনটি কক্ষের দেয়াল প্রায় অক্ষত আছে। এর মধ্যে চেয়ার, টেবিল, ক্যাবিনেট ছিল। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এ কক্ষগুলোতেই সোহেল রানার ব্যক্তিগত কার্যালয় ছিল। এ পার্কিং থেকে দুমড়েমুচড়ে যাওয়া ছয়টি ব্যক্তিগত গাড়িও উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি সোহেল রানার বলে জানা গেছে।

অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ: অধরচন্দ্র যেন স্বজনহারাদের ঠিকানা। গতকালও সেখানে শ তিনেক স্বজনহারা ছিলেন। সবার হাতে নিখোঁজ প্রিয়জনের ছবি। খাতা-কলম বের করার সঙ্গে সঙ্গে তাঁরা হুমড়ি খেয়ে পড়েন নাম আর মুঠোফোন নম্বর লেখানোর জন্য।

দুপুর আড়াইটার দিকে এ প্রতিবেদক এক স্বজনহারার সঙ্গে কথা বলার সময় অন্যরা সমস্বরে চিৎকার করে বলতে থাকেন, ‘আমার নামটা লেখেন স্যার। আমি আমার মেয়েকে পাচ্ছি না। আমার বুকের মানিক ছেলেটা নেই।’ কেউ ঘিরে ধরেন স্বামী কিংবা স্ত্রীর খোঁজ জানার জন্য।