উদ্ধারকাজ সমাপ্ত, নিখোঁজ নয়জনের হদিস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচরের কাছে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর গতকাল শুক্রবার সমাপ্তি ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান। ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত হলেও নিখোঁজ নয়জনের হদিস পাওয়া যায়নি।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সারওয়ার কামাল বলেন, নৌবাহিনীর ১৩ সদস্যের একটি দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত বৃহস্পতিবার ট্রলারটির অবস্থান শনাক্ত করে। তবে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস গতকাল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পায়নি। এমতাবস্থায় উদ্ধারকাজ সরকারিভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রতন কুমার নাথ বলেন, ছয় শিশু, দুই নারীসহ নয়জন এখনো নিখোঁজ। ট্রলারটি ডুবে যাওয়ার সময় নদীতে ব্যাপক স্রোত থাকায় তাঁরা ভেসে যেতে পারেন। এ কারণে চাঁদপুরে মেঘনা নদীর কোথাও এখন পর্যন্ত কোনো লাশ ভেসে ওঠেনি।
নিখোঁজ নয়জন হলেন: নার্গিস (২৮), তাঁর ছেলে শাহজাদা (৬) ও ফাহিম হোসেন (দেড় বছর), আলেয়া বেগম (২৫), তাঁর দুই সন্তান সিয়াম (৬) ও স্বর্ণা (৩), দুই ভাই রতন (২) ও মানিক (৪) এবং আহমেদ উল্লাহ (৪৪)। তাঁদের বাড়ি হাইমচরের বিভিন্ন এলাকায়।
গতকাল বিকেল পর্যন্ত মেঘনা নদীর পাড়ে স্বজনহারা ব্যক্তিদের অপেক্ষায় থাকতে দেখা যায়। তাঁদের একজন মো. টিটু। ট্রলারডুবিতে নিখোঁজ তাঁর বোন আলেয়াসহ তিন স্বজন। লাশ পাওয়ার আশায় টিটু পড়ে আছেন হাইমচরের তেলির মোড়ে। তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু হলে লাশগুলো খুঁজে পাওয়া যেত।
রবিন পরিবহন নামের ট্রলারটি গত মঙ্গলবার সকালে মেঘনার মাঝনদীতে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবে যায়। ঘটনার সময় এতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। নিখোঁজ নয়জন বাদে বাকী যাত্রীদের ঘটনার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার করেন জেলেরা।