উদ্ধারকাজে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান দুষ্কৃতকারীদের হাতে অপহূত পাঁচ বাংলাদেশিকে উদ্ধারে নিয়োগদাতা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসন তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ অভিযোগ করে অপহূত ব্যক্তিদের উদ্ধার ও দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তাঁদের স্বজনেরা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অপহূত শ্রমিকদের স্বজনেরা। অপহূত শ্রমিকেরা হলেন টাঙ্গাইলের আমিনুল ইসলাম, শফিউল আলম, লাভলু রহমান, চট্টগ্রামের ইমাম উদ্দিন ও রাজশাহীর মাহবুব আলী। অপহূত ব্যক্তিদের স্বজনেরা জানান, গত ১৭ ডিসেম্বর আফগানিস্তানের বাল্ক প্রদেশের মাজার শরিফ এলাকা থেকে সাত শ্রমিক অপহূত হন। অপহরণের পরদিনই দুজন শ্রমিক পালিয়ে আসতে সক্ষম হন। অপহূত শ্রমিকেরা প্রায় পাঁচ-ছয় বছর কোরিয়ান প্রতিষ্ঠান সামহোয়ানের অধীনে সড়ক নির্মাণের কাজ করতেন। পালিয়ে আসা শ্রমিক মজিবুর রহমান সংবাদ সম্মেলনে অপহরণের ঘটনার বর্ণনা দেন। মজিবুর বলেন, ‘সেদিন রাত আটটায় অস্ত্রধারী ১৭ জন তালেবান জঙ্গি আমাদের ক্যাম্পে অতর্কিতে হামলা চালায়। আমাদের নিরাপত্তাকর্মীরাও পাল্টা জবাব দেন। কিন্তু অল্পক্ষণের মধ্যেই ক্যাম্প ঘিরে ফেলে আমাদের একজনকে গুলি করে মেরে ফেলে জঙ্গিরা।’ অপহূত শ্রমিক শফিউলের মেয়ে সাবিকুন নাহার বলেন, ‘বাবাকে ছাড়া আমি কষ্টে আছি। জানি না, বাবা কোথায় আছেন। কেমন আছেন। প্রধানমন্ত্রী, আপনি আমার বাবাকে এনে দিন। আমি আর কিছুই চাই না। শুধু আমার বাবাকে ফেরত চাই।’