উদ্ধারকাজে বাংলাদেশের সহায়তা চেয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলায় বাংলাদেশ সীমান্তে ব্রহ্মপুত্র নদে ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ ৪২ জন যাত্রীকে উদ্ধারে বাংলাদেশের সহায়তা চাওয়া হয়েছে। ব্রহ্মপুত্রে গত সোমবার ওই লঞ্চডুবির ঘটনা ঘটে। লঞ্চটিতে টিকিট কেটে ৩৮০ জন যাত্রী ওঠেন। টিকিট ছাড়াও বেশ কিছু যাত্রী উঠেছিলেন। ধুবড়ি জেলা প্রশাসক ৪২ জন যাত্রী নিখোঁজ থাকার কথা উল্লেখ করে তাদের উদ্ধারে বাংলাদেশের সহায়তা কামনা করেন। ভারতের অভ্যন্তরে গোলকগঞ্জ থানার সোনাহাট সীমান্তে ১০০৯ নম্বর পিলারের কাছে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক পর্যায়ে পতাকা বৈঠক হয়। বেলা ১১টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবার রহমান ও বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল জিয়াউল হক। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ধুবড়ি জেলা প্রশাসক কুমুদ কলিতা। ধুবড়ির জেলা প্রশাসক জানান, গত ৩০ এপ্রিল ধুবড়ির মাদারটারীতে লঞ্চডুবির ঘটনায় নারী ও শিশুসহ ৪২ জন নিখোঁজ রয়েছে। তিনি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কুড়িগ্রাম জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা কামনা করেন। জেলা প্রশাসক হাবিবুর রহমান এ ব্যাপারে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। হাবিবুর রহমান বলেন, ইতিমধ্যে ১০টি নৌকা দিয়ে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা শুরু করা হয়। এদিকে বিএসএফ নৌ কমান্ডিং কর্মকর্তা রাজেশ ধান্ডোরিয়া বলেন, দুর্ঘটনাস্থল বাংলাদেশ সীমান্তসংলগ্ন হওয়ায় তাঁরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাহায্য চেয়েছেন। এতে সাড়া দিয়ে বিজিবি কাজ শুরু করেছে।