উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের কাছে ট্রেনের দুটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঈশ্বরদী-খুলনা পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরে ওই দুটি বগি উদ্ধার করতে আসা ট্রেনটিও একই স্থানে লাইনচ্যুত হয়েছে।মোবারকগঞ্জের স্টেশন মাস্টার নূরুল ইসলাম বলেন, ট্যাংকার নিয়ে ঈশ্বরদী থেকে খুলনা যাওয়ার পথে ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশন ছেড়ে প্রায় ২০০ গজ যাওয়ার পরই এর দুটি ট্যাংকার ভোর সাড়ে পাঁচটার দিকে লাইনচ্যুত হয়। এ সময় ট্যাংকার দুটিতে তেল ছিল না। এরপর ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।দুপুর সাড়ে ১২টার দিকে ট্যাংকার দুটি উদ্ধার করতে খুলনা থেকে একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। বেলা একটার দিকে উদ্ধারকাজ শুরু করার পর উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়। স্টেশন সূত্রে জানা গেছে, এই পথে প্রতিদিন তিনটি লোকাল ও আটটি আন্তনগর ট্রেন চলাচল করে।স্টেশন মাস্টার বেলা দুইটার দিকে বলেন, সৈয়দপুর থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে কখন পুনরায় ট্রেন চলাচল শুরু হবে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।