উদ্ধারকৃতদের ১৫ জনকে দেশে পাঠানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া উপকূলের কাছে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৫৪ জন বাংলাদেশির বেশির ভাগ দেশে ফিরতে চান না। যে ১৫ জন দেশে ফেরার আগ্রহ জানিয়েছেন, তাঁদের শিগগির দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা এ তথ্য দিয়ে বলেছেন, নিখোঁজ ২৪ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। লিবিয়ার নিয়ম অনুযায়ী, লাশ দেশে আনার সুযোগ নেই, সেখানেই দাফন করা হবে। লাশ না দেখানোয় নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যাও সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

যোগাযোগ করা হলে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আশরাফুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশিদের বন্দিশিবির থেকে ছাড়িয়ে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে ৫৪ জনের মধ্যে ১৪ জন নারী ও শিশুকে ছাড়িয়ে আনা হয়েছে। উদ্ধারকৃতদের অনেকেই দীর্ঘদিন ধরে লিবিয়ায় বাস করছেন। তাঁরা সেখানেই থেকে যেতে চান। ১৫ জন দেশে ফেরার আগ্রহ দেখিয়েছেন। তাঁদের শিগগির আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

গত বৃহস্পতিবার ভূমধ্যসাগরে ডুবে যাওয়া দুটি নৌকায় বিভিন্ন দেশের ৪০০ থেকে ৫০০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৭৮ জন বাংলাদেশি বলে জানিয়েছে বিবিসি বাংলা। তিউনিসিয়ার বাংলাদেশ দূতাবাসের
কর্মকর্তা মোজাম্মেল হক বিবিসি বাংলাকে বলেছেন, উদ্ধার করা দেড় শতাধিক মরদেহ লিবীয় কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে, মরদেহগুলো দেখতে দেওয়া হচ্ছে না। ফলে এর মধ্যে কতজন বাংলাদেশির মরদেহ আছে তা জানা নিয়ে সংশয় রয়েছে। তবে ছয়জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আজিমের দুই শিশুসন্তান নিখোঁজ: এই নৌকাডুবিতে খাগড়াছড়ির দীঘিনালার বড় মেরুং আনসার হেড কোয়ার্টার এলাকার আবদুল আজিমের দুই শিশুসন্তান নিখোঁজ হয়েছে। লিবিয়া থেকে মুঠোফোনে গতকাল আজিম প্রথম আলোকে বলেন, গত বুধবার তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে লিবিয়ার জোয়ারা থেকে ইতালির উদ্দেশে নৌকায় উঠেছিলেন। নৌকায় ছিল প্রায় ৪০০ যাত্রী। ১৮ কিলোমিটার যাওয়ার পর নৌকাটি ডুবতে শুরু করে। ছোট মেয়ে রাইসা আজিম (৮ মাস) ছিল তাঁর কোলে। নৌকাডুবির সময় কখন যে সে হাত থেকে ছিটকে গেছে মনে নেই। তিনি কীভাবে উদ্ধার হয়েছেন তাও জানেন না। পরে হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছেন, স্ত্রী নার্গিস বেগম ও বড় মেয়ে রিজাস আজিম বেঁচে আছে। মেজ মেয়ে রিমাজ (৪) ও ছোট মেয়ের খোঁজ পাননি।

আজিম বলেন, তাঁকে শুক্রবার পুলিশ হেফাজত থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতের জিম্মায় আনা হয়েছে। এখন ত্রিপোলির একটি বাসায় আশ্রয় নিয়েছেন।

গতকাল আজিমের দীঘিনালার বাড়িতে গিয়ে দেখা যায়, দুই নাতনির জন্য আজিমের মা আয়শা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। পরিবারের সদস্যরা বলেন, আজিম ১৯৯৯ সালে লিবিয়া যান। কাজ করতেন সির্তের একটি হোটেলে। সেখানেই স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। এক বছর আগে হোটেলটি জঙ্গিরা বন্ধ করে দিলে তিনি আর্থিক সংকটে পড়েন। ভাগ্য ফেরাতে সপরিবারে ইতালি যাচ্ছিলেন।

নিখোঁজদের আটজনই শরীয়তপুরের: নৌকাডুবিতে শরীয়তপুরের আটজন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করছে তাঁদের পরিবার। এই আটজন হলেন নড়িয়া উপজেলার কাজির শুকুর গ্রামের জাকির হোসেন কাজি (৪০), তাঁর স্ত্রীর ভাইয়ের দুই ছেলে ইয়াকুব হাওলাদার (২২) ও বিল্লাল দেওয়ান (২৪), ভুমখারা গ্রামের সুমন ঢালী (২৫), রাহা পাড়া গ্রামের সুমন ব্যাপারী (২৭), বাংলাবাজার গ্রামের জসিম উদ্দিন (৩০), জাজিরা উপজেলার লক্ষ্মীকান্তপুরের স্বপন হাওলাদার এবং ঠিকানা না পাওয়া আজাদ।

জাকিরের স্ত্রী মনতারা বেগম ও পরিবারের সদস্যরা প্রথম আলোকে বলেন, জাকির লিবিয়ার ত্রিপোলিতে এবং ইয়াকুব ও বিল্লাল বেনগাজিতে থাকতেন। ইতালির উদ্দেশে নৌকা ছাড়ার আগে পরিবারের সঙ্গে তাঁদের সর্বশেষ কথা হয়।

ফখরুলের মায়ের কান্না: নিখোঁজ ফখরুল ইসলামের বাড়ি (২৫) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাবিলপুর গ্রামে। গতকাল তাঁর মা জাহেদা খাতুন ছেলের কথা মনে করে কেবল কাঁদছিলেন। তিনি বলেন, ৪ এপ্রিল তিনি ছেলেকে লিবিয়া পাঠান।

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেনপ্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি, নোয়াখালী প্রতিনিধি ও দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি}