উদ্ধারে অগ্রগতি নেই, দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে অপহরণ
রাঙামাটিতে অপহরণ

রাঙামাটি থেকে অপহূত রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান বি টেকনোলজির প্রকৌশলীসহ পাঁচজন ১৩ দিনেও মুক্তি পাননি। তবে গতকাল রোববার দুপুরে পুলিশ স্থানীয় দুই ব্যক্তিকে আটক করেছে। কিন্তু উদ্ধার কর্মকাণ্ডে কোনো অগ্রগতি নেই বলে পুলিশ স্বীকার করেছে।অপহূত ব্যক্তিদের পরিবারের লোকজন অভিযোগ করেছেন, প্রশাসন ও বি টেকনোলজি কর্তৃপক্ষ তাঁদের কোনো খবর দিচ্ছে না, ন্যূনতম যোগাযোগও করছে না।অপহরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গতকাল হিরণ্ময় চাকমা (৪৫) ও মন্টু চাকমা (৪০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে। হিরণ্ময় চাকমা কাচালং নদীর বারিবিন্দুঘাটের মাঝি। অপহরণকারীরা অপহূত ব্যক্তিদের নিয়ে তাঁর নৌকা দিয়ে ঘাট পার হয়ে রূপকারী ইউনিয়নের দিকে যায় বলে জানা গেছে। অপর দিকে মন্টু চাকমা টেলিটকের স্থানীয় টাওয়ার তত্ত্বাবধানকারী। তাঁকে এর আগেও একবার জিজ্ঞাসবাদ করেছে পুলিশ।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ দুই ব্যক্তিকে আটকের কথা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়েছে। ৮ জুলাই বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা থেকে বি টেকনোলজির প্রকৌশলীসহ পাঁচজনকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে খাগড়াছড়ির গোপন জায়গায় বি টেকনোলজির প্রতিনিধির সঙ্গে অপহরণকারীদের বৈঠক হয়। তবে মুক্তিপণ ৪০ লাখ টাকা থেকে বাড়িয়ে তিন কোটি টাকা দাবি করায় বৈঠক ভেস্তে যায়। অপহরণকারীরা বি টেকনোলজির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করে ১২ জুলাই।কয়েক দিন ধরে কোনো খবর না পাওয়ায় অপহূত ব্যক্তিদের পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। তাঁদের দাবি, যেকোনোভাবে যেন অপহূত ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। অপহূত প্রকৌশলী মো. আক্তার হোসেনের ভগ্নিপতি মো. মনসুর আলী বলেন, ‘১১ জুলাইয়ের পর থেকে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। আমরা জানি না অপহূত ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে। ফলে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।’টেকনেশিয়ান মো. ইমরুল হোসেনের বড়ভাই মো. রিপন বলেন, ‘আমাদের সঙ্গে প্রশাসন বা বি টেকনোলজির কেউ যোগাযোগ করছেন না। অনেক দিন ধরে যোগাযোগ বন্ধ রয়েছে। বাবা-মা ইমরুলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন।’ বি টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইউসুফ বলেন, ‘প্রশাসন ও অপহূত ব্যক্তিদের পরিবারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না। উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে আমরা সম্পূর্ণ অন্ধকারে রয়েছি।’

রাঙামাটি পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘অপহূত ব্যক্তিদের উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে অগ্রগতি নেই।’ অপহূত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে দাবি করে পুলিশ সুপার বলেন, ‘আসলে উদ্ধারে অগ্রগতি না থাকলে তাঁদের (অপহূত পরিবার) আমরা কী জানাব।’

উদ্ধার ও মুক্তির দাবি: অপহূত পাঁচজনকে উদ্ধারের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি। গতকাল রোববার কমিটির সভাপতি গৌতম দেওয়ান মুঠোফোনে প্রথম আলোর কাছে অপহরণের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের অপরাধ এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। কাজেই সবার উচিত এ বিষয়ে সতর্ক থাকা।

অবরোধ পালন: অপহূত ব্যক্তিদের উদ্ধারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ গতকাল রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধে দূর পাল্লার যানবাহন চলাচল করেনি। তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।