রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান বি-টেকনোলজির প্রকৌশলীসহ অপহূত পাঁচজনকে উদ্ধারে নতুন কোনো তথ্য নেই। তবে সেনাবাহিনী সম্ভাব্য এলাকাগুলো ঘিরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। খুব শিগগির অপহূত ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ৮ জুলাই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকায় টেলিটকের একটি টাওয়ারে কারিগরি ত্রুটি দূর করতে যান বি-টেকনোলজির প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. ইমরুল হোসেন ও মো. হেমায়েত হোসেন এবং সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমান। এ সময় তাঁদের অপহরণ করার পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু পরবর্তীকালে অপহূত ব্যক্তিদের মুক্তির ব্যাপারে খাগড়াছড়িতে বি-টেকনোলজির প্রতিনিধির সঙ্গে বৈঠকে অপহরণকারীরা মুক্তিপণ বাড়িয়ে তিন কোটি টাকা দাবি করে। এতে বি-টেকনোলজি কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে সমঝোতা ভেস্তে যায়।সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ১২ জুলাই অপহরণকারীরা টেলিটক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করে বি-টেকনোলজি কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। সেই মুঠোফোন কলের সূত্র ধরে নিশ্চিত হওয়া গেছে, অপহরণকারীরা বাঘাইছড়ি উপজেলা এলাকার মধ্যে রয়েছে। সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল কবির হোসেন বলেন, অপহূত ব্যক্তিদের উদ্ধারে নতুন কোনো তথ্য নেই। তবে উদ্ধারে জোর তৎপরতা চলছে। সম্ভাব্য এলাকাগুলো সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। অপহরণকারীরা অপহূত ব্যক্তিদের নিয়ে কোথাও পালাতে পারবে না। বি-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইউসুফ বলেন, ‘অপহরণকারীরা আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। টেলিটক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অপহরণকারীদের দাবি আমরা পূরণ করতে পারিনি। সে কারণে আমাদের আর করার কিছু নেই।’ এদিকে অপহূত ব্যক্তিদের উদ্ধারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ আজ রোববার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ করবে। বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মো. ইব্রাহিম বলেন, প্রশাসন অপহূত ব্যক্তিদের উদ্ধারে ব্যর্থ হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।