উদ্ধারে পদক্ষেপ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছে বেদখল হয়ে যাওয়া তিস্তা ব্যারাজের কংক্রিট সেচ খালটি উদ্ধারে কোনো পদক্ষেপ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী হাবিবুর রহমান, আকবর আলী, নওশাদ, আব্বাস আলী ও ফজলুর রহমান ওই এলাকার প্রায় এক কিলোমিটার খাল ভরাট করে তিন বছর ধরে হলুদ, মরিচ, শাকসবজিসহ বিভিন্ন ফসল আবাদ করছেন।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পানি উন্নয়ন বোর্ড—পাউবোর তিস্তা ব্যারাজের দিনাজপুর ক্যানেলের শাখা খালটি সৈয়দপুরে প্রবেশমুখ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে পাকা খালটির অস্তিত্বই নেই। খালের ওপর মরিচ খেতে নিড়ানি দিচ্ছেন ফজলুর রহমান। তিনি বলেন, ‘ক্যালেনটাত পানি আইসে না, তারেবাদে হামরা অ্যাতে মাটি ভরে আবাদ-সুবাদ করি খাওছো। সরকার যদিক ক্যানেল চালু করে তাইলে হামরা আবাদ করা বাদ দেইম।’ কৃষক হাবিবুর রহমান বলেন, ‘ক্যালেন বানাইলেও অ্যাতে পানি আইসে না। জমি ফ্যালে থুইয়া নাভ কী? তাই হামরা ক্যালেনটা দখল করছি।’ তিনি স্বীকার করেন, শাখা খালটিতে পানি সরবরাহ হলে এলাকায় কমপক্ষে দুই হাজার হেক্টর জমিতে সেচসুবিধা মিলবে। ধলাগাছ গ্রামের কৃষক মোসলেম উদ্দিন আহমেদ বলেন, খালটি দখল হয়ে যাওয়ায় পাউবো এ অঞ্চলে সেচসুবিধা দিতে পারছে না। গত বছর সেচ খালটি দখলের বিষয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর খাল উদ্ধারে পাউবোর সৈয়দপুর বিভাগকে বেশ তৎপর দেখা যায়। কিন্তু অজ্ঞাত কারণে সেই তৎপরতা আর চোখে পড়ছে না। পাউবোর সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক খালটি দখল হয়ে গেছে বলে স্বীকার করে বলেন, ওই কংক্রিট খালটি নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী তত্ত্বাবধান করছেন। খালটি উদ্ধারের ব্যাপারে ওপরের চাপ রয়েছে।পাউবোর নীলফামারী বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। দু-এক দিনের মধ্যেই সরেজমিনে লোক পাঠানো হবে।’