উদ্ধারে বিএসএফের সহযোগিতা চেয়েছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি সীমান্ত এলাকা থেকে দুই পর্যটকসহ অপহৃত চারজনকে উদ্ধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সন্ত্রাসীরা অপহৃত ব্যক্তিদের জিম্মি করে রাখতে পারে এমন সন্দেহজনক স্থানগুলো সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়েছে বিএসএফকে।
বাংলাদেশের আইনশৃঙ্খলা ও সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা সন্দেহ করছেন, অপহৃত ব্যক্তিদের সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। তবে অপহরণকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবির বান্দরবানের সেক্টর অধিনায়ক লে. কর্নেল ওয়ালিউর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, অপহৃত ব্যক্তিদের উদ্ধারে সহযোগিতার জন্য বিএসএফের সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে গত সোমবার যোগাযোগ করা হয়েছে। বিএসএফের কর্মকর্তারা বলেছেন, তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সহযোগিতার জন্য দ্রুত পদক্ষেপ নেবেন।
বান্দরবানের রুমায় ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রিয়াজ আহমদ চৌধুরী বলেন, সেখানে সীমান্তে অপর পারে বিএসএফের ১৬২ ব্যাটালিয়ন কাজ করে। সন্ত্রাসীরা যদি অপহৃত ব্যক্তিদের ভারতে নিয়ে যায়, তাহলে ১৬২ থেকে ১৬৬ সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় থাকতে পারে বলে বিএসএফকে জানিয়ে দেওয়া হয়েছে।
৩ অক্টোবর বড়থলি ইউনিয়নের সেপ্রুপাড়া এলাকা থেকে দুই পর্যটক আবদুল্লাহ আল জুবায়ের, জাকির হোসেন ও তাঁদের পথপ্রদর্শক মাংসাই ম্রো এবং মেন্দোইপাড়া থেকে আরেক দল পর্যটকের পথপ্রদর্শক লালরিং সাং বমকে অপহরণ করে অজ্ঞাত সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন প্রথমে আরাকান লিবারেশন পার্টি (এএলপি) অপহরণ করেছে বলে সন্দেহ করছিল। এএলপি নেতারা অবশ্য গত রোববার জানিয়েছেন, এ ঘটনায় তাঁরা জড়িত নন।