উদ্ধারে শক্ত অবস্থানে যাচ্ছে প্রশাসন, দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাই-ছড়িতে রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান বি টেকনোলজির প্রকৌশলীসহ অপহূত পাঁচজনকে উদ্ধারে শক্ত অবস্থানে যাচ্ছে প্রশাসন।
অপহূত ব্যক্তিদের মুক্তির ব্যাপারে পুলিশ প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমার তিন দিন পরও অপহরণকারীরা ইতিবাচক সাড়া না দেওয়ায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গত রোববার দুপুরে সন্দেহভাজন হিসেবে বারিবিন্দুঘাটের মাঝি হিরণ্ময় চাকমা ও টেলিটক টাওয়ারের তত্ত্বাবধায়ক মন্টু বিকাশ চাকমাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। তবে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কী তথ্য দিয়েছেন, তা জানায়নি পুলিশ।
গতকাল সোমবার ওই দুজনকে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাহেদ আহমেদের আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, অপহূত ব্যক্তিদের উদ্ধারে প্রশাসন এখন শক্ত অবস্থান গ্রহণ করবে। যৌথ বাহিনীর উদ্ধার অভিযানের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তবে সমঝোতার চেষ্টাও চলবে। ওসি জানান, অপহূত ব্যক্তিরা সুস্থ আছেন বলে একটি সূত্রে জানা গেছে।
৮ জুলাই বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকায় টেলিটকের একটি টাওয়ারে কারিগরি ত্রুটি মেরামতের সময় সশস্ত্র দুর্বৃত্তরা বি টেকনোলজির প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. ইমরুল হোসেন ও মো. হেমায়েত হোসেন এবং সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমানকে অপহরণ করে। এরপর অপহরণকারীরা ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বি টেকনোলজি কর্তৃপক্ষের সঙ্গে খাগড়াছড়ির একটি গোপন জায়গায় অনুষ্ঠিত বৈঠকে মুক্তিপণের টাকা বাড়িয়ে তিন কোটি টাকা দাবি করায় সমঝোতা ভেস্তে যায়।
পুলিশ প্রশাসন অপহূত ব্যক্তিদের মুক্তি দিতে অপহরণকারীদের গত শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। সময়সীমা শেষ হওয়ার পর প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে অপহরণকারীদের কাছে দুটি মুঠোফোন নম্বর পাঠিয়ে দেয়। তার যেকোনো একটিতে ফোন করে অপহূত ব্যক্তিদের ব্যাপারে কী বক্তব্য, তা জানাতে অপহরণকারীদের খবর পাঠানো হয়। কিন্তু অপহরণকারীরা কোনো যোগাযোগই করছে না। রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম জানান, অপহরণকারীদের সঙ্গে এখন আর কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, উদ্ধারের সব ধরনের চেষ্টা চলছে। অপহরণের ঘটনায় মামলা হয়েছে। এখন তার তদন্ত চলছে।