দালাল চক্রের খপ্পরে পড়ে ইরাকে আটকে পড়া ১৮০ বাংলাদেশির মধ্যে মেহেরপুরের বাসিন্দা আছেন ২৯ জন। তাঁদের উদ্ধারের জন্য জেলা প্রশাসকের কাছে সম্প্রতি স্মরকলিপি দিয়েছেন পরিবারের সদস্যরা। এ সময় তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন।
আটকে পড়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ইরাকের আল্লাজাদ বিমানবন্দর-সংলগ্ন নাজাব শহরের আবু তোরার হাউজিং প্রকল্পের একটি কুঠুরিতে ১৮০ জন ছয় মাস ধরে আটকা আছেন। সেখানে খাবার, বিদ্যুৎ কিছুই নেই।
ইরাকে আটকে থাকা গাংনী কাজীপুর গ্রামের জিয়াউর রহমান জানান, তাঁরা সবাই অন্ধকার একটি ঘরে থাকেন। সপ্তাহে এক দিন এক ইরাকি সামান্য খাবার দেন। এক দিনের খাবার সাত দিন খেতে হয়। পানিসুবিধা না থাকায় মাসে চার থেকে পাঁচ দিন গোসলের সুযোগ পাওয়া যায়। এখনো দূতাবাসের কেউ তাঁদের খোঁজ নেননি।
তুষার খান মুঠোফোনে জানান, তাঁর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে। কাতারে নিয়ে যাওয়ার নাম করে দালাল চক্র তাঁদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নেয়। কিন্তু কাতারে না নিয়ে এ বছরের ২৪ মে সবাইকে ইরাকে ফেলে দালাল চক্র পালায়।
জিনারুল ইসলাম বলেন, তাঁর বাড়ি গাংনীর কল্যাণপুরে। সাহেবনগর গ্রামের দালাল সুরুজ আলীর মাধ্যমে তাঁরা কাতারে যাওয়ার জন্য টাকা দেন। পরে ঢাকার গুলশানে অবস্থিত একটি প্রতিষ্ঠান তাঁদের বিদেশে পাঠায়।
এ ঘটনার পর ২৯ পরিবার নামের তালিকা দিয়ে ১৭ নভেম্বর মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে মানববন্ধন করেছে। এ সময় তাঁরা জেলা প্রশাসককে দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্তৃপক্ষ ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সন্তানদের উদ্ধারের আকুতি জানান।
জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানান, প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজতে পুলিশি তদন্ত চলছে। তদন্তের পর আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র, পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে।