উদ্ধারের আট দিন পর মারা গেলেন অজ্ঞাত তরুণী
নেত্রকোনার মোহনগঞ্জের বরুংকা গ্রামের কংশ নদের পাড়ের ঝোপ থেকে আট দিন আগে উদ্ধার করা গলায় ওড়না পেঁচানো অজ্ঞাত তরুণী (২০) গত বুধবার হাসপাতালে মারা গেছেন।জানা গেছে, উপজেলার বরুংকা গ্রামের কংশ নদের পাড়ে ২৮ জানুয়ারি সকালে এলাকাবাসী ওই তরুণীকে অজ্ঞান অবস্থায় পেয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুই দিন চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও মহিলা পরিষদ নেত্রকোনার উদ্যোগে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওই তরুণীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। আট দিন হাসপাতালে থাকার পর বুধবার ভোরে তিনি মারা যান। বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক রেহানা সিদ্দিকা জানান, বাংলাদেশ মহিলা পরিষদ, নারী নির্যাতন প্রতিরোধ কমিটিসহ কয়েকটি সংগঠন মিলে তার চিকিৎসার ব্যবস্থা করে। তার পরিচয় উদ্ধারের চেষ্টায় বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে।মোহনগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, এখনো মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।