উদ্ধারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণের প্রতিবাদে ও তাঁকে শিগগির উদ্ধারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সিলেট, কক্সবাজার ও ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
গতকাল দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বরিজওয়ানা সিলেটের কৃতী সন্তান হিসেবে ‘সিলেটবাসী’ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মানবাধিকার সংগঠন অধিকারের সমন্বয়কারী মো. মুহিবুর রহমান ও বেলার সিলেট অঞ্চলের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার প্রমুখ বক্তব্য দেন।
একই দাবিতে গতকাল বিকেল চারটার দিকে কক্সবাজার শহরের প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশ থেকে আগামী রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একই দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা, কক্সবাজার সুশীল সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মুহমঞ্চদ নুরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরী প্রমুখ।
অন্যদিকে, বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত ফরিদপুর শহরের কোর্ট এলাকার স্বাধীনতা চত্বরে মানববন্ধন করা হয়।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও জেলা আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।